ডিপফেক ভিডিও বানিয়ে ছাত্রদল নেতার চাঁদাবাজি সিন্ডিকেট
ডিপফেক নগ্ন ভিডিও বানিয়ে চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার কনটেন্ট ক্রিয়েটর আব্দুল্লাহ আল মামুনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত, আর নাকের ডগায় ঘুরে বেড়ালেও প্রধান আসামি ছাত্রদল নেতা জিসান বাবুলকে খুঁজে পাচ্ছেনা পুলিশ। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) দিয়ে
বানানো স্ত্রীর সাথে ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত মুহুর্তের ডিপফেক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে
ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে লাখ টাকা চাঁদাবাজির ঘটনায় দায়েরকৃত পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ
আইনের মামলায় গ্রেপ্তার সাতক্ষীরার কনটেন্ট ক্রিয়েটর আব্দুল্লাহ আল মামুনের জামিন
আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৯ নভেম্বর) সাতক্ষীরার
অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম বিলাস মণ্ডল উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।
জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো
আব্দুল্লাহ আল মামুন (২৬) দেবহাটা উপজেলার চণ্ডীপুর গ্রামের করিমউল্লাহ মাস্টারের ছেলে
এবং সাংবাদিক ছদ্মবেশে জেলা জুড়ে দাপিয়ে বেড়ানো চাঁদাবাজ কনটেন্ট ক্রিয়েটর। আর মামলার
পর থেকে পলাতক ছাত্রদল সভাপতি জিসান বাবুলকে এখনও গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা
বাহিনী। ক্ষমতাসীন দলের সাইনবোর্ডে থাকায় মামলার প্রধান আসামি ওই ছাত্রদল নেতাকে গ্রেপ্তারে
পুলিশের গড়িমসি এবং নামমাত্র পলাতক থেকে এখনও সোশ্যাল মিডিয়ায় সরব ছাত্রদল নেতা জিসান
বাবুল বিভিন্নভাবে মামলা তুলে নিতে হুমকি, এমনকি কারাগারে থাকা কনটেন্ট ক্রিয়েটর মামুনের
ফেসবুক পেজ পরিচালনাসহ আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখাচ্ছে বলেও অভিযোগ মামলার
বাদি নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলীর।
সাতক্ষীরার কোর্ট ইন্সপেক্টর নাজমুল
হাসান জানান, গত ১ নভেম্বর দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
আলমগীর হোসেন ওরফে সাহেব আলী সদর থানায় পর্নোগ্রাফি আইনে মামলাটি করেন। ওই মামলায়
গত বুধবার নিজ বাড়ি থেকে মামুনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁর ব্যবহৃত ল্যাপটপের
সঙ্গে দুই হাজার জিবি ধারণক্ষমতার একটি হার্ডডিস্ক উদ্ধার করা হয়। পুলিশের জব্দ করা
কনটেন্ট ক্রিয়েটর আব্দুল্লাহ আল মামুনের ব্যবহৃত ল্যাপটপ ও টু ট্যারাবাইট ধারণ ক্ষমতার
ওই হার্ডডিস্কে জেলার অনেক গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের স্বাভাবিক ছবি ব্যবহার করে এআই
দিয়ে বানানো ডিপফেক নগ্ন ভিডিও এমনকি একাধিক নারীর সাথে গ্রেপ্তার আব্দুল্লাহ আল মামুনের
অরিজিনাল নগ্ন ভিডিও পাওয়া গেছে বলে দাবি সাতক্ষীরা সদর পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক
নির্ভরযোগ্য একটি সূত্রের।
সোমবার আদালতে আসামিপক্ষের আইনজীবী
এ বি এম আনিছুজ্জামান জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন উপপরিদর্শক
(সিএসআই) মাজাহারুল ইসলাম। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন আবেদন খারিজ করে চাঁদাবাজ
কনটেন্ট ক্রিয়েটর আব্দুল্লাহ আল মামুনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়,
পারিবারিক কারণে প্রায় সাত মাস আগে স্ত্রী জান্নাতুল ফেরদৌস ওরফে মৌসুমীকে তালাক দেন
ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন। পরবর্তী সময়ে ওই নারীর সঙ্গে দেবহাটা উপজেলার সখীপুর
ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. জিসান বাবুল (২৮) ও আব্দুল্লাহ আল মামুনের ঘনিষ্ঠতা ও
যোগাযোগ হয়।
এজাহারে অভিযোগ করা হয়েছে, ইউপি
চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী ও তার স্ত্রীর দাম্পত্য জীবনের অন্তরঙ্গ কিছু ছবি
ও ভিডিও ডিভোর্সী স্ত্রীর কাছ থেকে হাতিয়ে নেয় আব্দুল্লাহ আল মামুন ও ছাত্রদল নেতা
জিসান বাবুল। স্বামী-স্ত্রীর অন্তরঙ্গ মুহুর্তের সেই ছবি ও ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তার
(এআই) ব্যবহার করে আরও ডজনখানেক নগ্ন ভিডিও তৈরি করে তারা। পরে সেসব আপত্তিকর ডিপফেক
ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বাদির কাছে প্রথমে ৫ লাখ, পরে তিন লাখ
ও দর কষাকষির মাধ্যমে ১ লাখ টাকা দাবি করে চক্রটি। কিন্তু দাবিকৃত চাঁদার কিছু টাকা
নেওয়ার পরও সেই আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় সংঘবদ্ধ চাঁদাবাজ
চক্রটি।
এঘটনায় ছাত্রদল নেতা জিসান বাবুলকে
প্রধান আসামিসহ কনটেন্ট ক্রিয়েটর আব্দুল্লাহ আল মামুন ও ডিভোর্সী স্ত্রী জান্নাতুল
ফেরদৌস মৌসুমী এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে পর্নোাগ্রাফি নিয়ন্ত্রণ আইনে
মামলা দায়ের করেন চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী। মামলার প্রধান আসামি চাঁদাবাজ
ছাত্রদল নেতা জিসান বাবুলকে গ্রেপ্তার ও কারাগারে থাকা কনটেন্ট ক্রিয়েটর আব্দুল্লাহ
আল মামুনের ফেসবুক পেজের নিয়ন্ত্রণ নিতে আইনশৃঙ্খলা বাহিনী ও সাইবার টিমের হস্তক্ষেপ
চেয়েছেন চক্রের হাতে জিম্মি ওই ইউপি চেয়ারম্যান ও তার পরিবার।