দুর্নীতি-অনিয়মে বারবার বিতর্কে, মামলাসহ পাহাড়সম অভিযোগ
দুর্নীতি-অনিয়মের পাহাড়সম অভিযোগ, এমনকি মামলা থাকলেও বিতর্কিত আব্দুল আহাদকে এবার মতিঝিল কাস্টমসে পদায়ন করা হয়েছে। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ।
বারে অভিযানে গিয়ে কাস্টমসের আভিযানিক
দলের মদ্যপান, সরকারি নিলামে কেনা পণ্য জব্দ, রাজনৈতিক সাইনবোর্ডকে ঢাল বানিয়ে ব্যবসায়ীর
কাছ থেকে অর্থ দাবি- একের পর এক কাণ্ড ঘটিয়ে বিতর্কের কেন্দ্রে থাকা
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের কর্মকর্তা আবু হানিফ
মোহাম্মদ আবদুল আহাদ। চট্টগ্রাম, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া ও আখাউড়ায় দায়িত্ব পালনের সময়
তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ব্যবসায়ীদের হয়রানি ও অনিয়মের অভিযোগের শেষ নেই। এসব
বিতর্কের মধ্যেই এবার ঢাকা দক্ষিণ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের মতিঝিল কাস্টমস
হাউসে উপকমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে আবদুল আহাদকে।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, ২০২১ সালের
মার্চে কাস্টমস কর্মকর্তা আবদুল আহাদের নের্তৃত্বে রাজধানীর পোস্তগোলা এলাকায় একটি
বারে অভিযানে গিয়ে নিজেরাই মদ্যপান করেন আভিযানিক দলের সদস্যরা, যা ধরা পড়ে আইরিশ পাব
অ্যান্ড রেস্টুরেন্ট নামের ওই প্রতিষ্ঠানের সিসি ফুটেজে। ২০২৬ সালের সেপ্টেম্বরে পণ্য
খালাসে অনিয়ম ও চোরাচালানে সহায়তার অভিযোগে তার বিরুদ্ধে লিখিত অভিযোগও জমা পড়েছে।
এর আগে ২০২৪ সালে ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যবসায়ীর কাছ থেকে অর্থ দাবির অভিযোগে তার বিরুদ্ধে
আদালতে মামলা হয়। একই বছর আখাউড়ায় একটি সুপারশপে অভিযান চালিয়ে সরকারি নিলামে কেনা
কোটি টাকার পণ্য জব্দের ঘটনাও বিতর্ক তৈরি করে কাস্টমস কর্মকর্তা আহাদকে ঘিরে।
অনুসন্ধানকালে নাম প্রকাশ না করার
শর্তে কাস্টমসের একাধিক কর্মকর্তা-কর্মচারি বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের আগে অর্থাৎ
আওয়ামী লীগ সরকারের আমলে বেশ কিছু এমপি-মন্ত্রী ও প্রশাসনিক ব্যক্তির সঙ্গে তার ঘনিষ্ঠ
যোগাযোগ ছিল আবদুল আহাদের। তাদের মাধ্যমে দু’হাত ভরে পেয়েছেন প্রশাসনিক সুবিধাও। ২০২৪ সালের
৫ আগস্টের পর প্রথমে জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে সখ্যতা, এবং ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির
নির্বাচনে জয়লাভের পর নিজেকে ‘বিএনপিপন্থী’ হিসেবে
উপস্থাপনের চেষ্টায় মেতেছেন তিনি। ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সানজিদা খানমকে বড়
বোন হিসেবে সম্বোধন, বর্তমান সরকারের একজন উপদেষ্টার ‘স্টুডেন্ট’ পরিচয়ে দাপিয়ে বেড়ানো, এমনকি ওই উপদেষ্টার সহকারি একান্ত সচিব (এপিএস)
হতে আবদুল আহাদের দৌঁড়ঝাপের তথ্যও সামনে এনেছেন তারা। যদিও প্রশাসনের পূর্ণাঙ্গ তদন্ত
কিংবা অনুসন্ধান শেষের আগে কাস্টমস কর্মকর্তা আবদুল আহাদের বিরুদ্ধে ওঠা এসব রাজনৈতিক
যোগাযোগ ও প্রভাব বিস্তারের সত্যতা নিশ্চিত করা সম্ভব নয়।
২০১৭ সালের জানুয়ারিতে চট্টগ্রাম
বন্দরে কাস্টমসের সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালনের সময় কর্মচারীদের সঙ্গে বিরোধে
জড়ান আবদুল আহাদ। কাস্টমস ক্লিয়ারেন্স ও ফাইল যাচাই নিয়ে বিরোধের জেরে ১৬ জানুয়ারি
সিঅ্যান্ডএফ কর্মচারীরা তাঁর কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। এ সময় তাঁর নামফলক ভাঙচুরের
ঘটনাও ঘটে। ২৬ জানুয়ারি ২০১৭ তারিখে প্রকাশিত প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, ওই ঘটনার
পর তাঁকে চট্টগ্রাম থেকে বদলি করা হয়।
২০২১ সালের মার্চে ঢাকা কাস্টমস
গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালনের সময় পোস্তগোলার একটি বার ও
রেস্তোরাঁয় অভিযান নিয়েও অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, অভিযানের সিসিটিভি ফুটেজে অভিযানকারী
দলের সদস্যদের বিরুদ্ধে মদ্যপান, অনিয়ম, কর্মীদের মারধর এবং জব্দ করা পণ্যের হিসাব
নিয়ে অসংগতি দেখা যায়। এ ঘটনায় আদালতে মামলা হওয়ার তথ্যও রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে
জানা গেছে।
২০২৪ সালের ২৫ জুন কালবেলায় প্রকাশিত
প্রতিবেদন অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়ায় জেলা কর, শুল্ক ও আবগারি বিভাগের উপকর কমিশনার
থাকাকালে এক রেস্তোরাঁ ব্যবসায়ীর কাছে পাঁচ লাখ টাকা দাবি করার অভিযোগ ওঠে আবদুল আহাদের
বিরুদ্ধে। মো. রাশেদুল হক নামের ওই ব্যবসায়ী তাঁর বিরুদ্ধে আদালতে মামলা করেন। মামলার
অভিযোগে বলা হয়, দাবি করা অর্থ না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়া এবং মিথ্যা মামলায় জড়ানোর
হুমকি দেওয়া হয়েছিল। মামলাটির বর্তমান অবস্থা সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
একই বছরের ২৫ জুন প্রথম আলোতে প্রকাশিত
প্রতিবেদন অনুযায়ী, আখাউড়ায় আবদুল আহাদের নেতৃত্বে একটি সুপারশপে অভিযান চালিয়ে বিপুল
পরিমাণ পণ্য জব্দ করা হয়। সুপারশপ কর্তৃপক্ষের দাবি ছিল, সরকারি নিলামের মাধ্যমে বৈধভাবে
পণ্যগুলো কেনা হয়েছিল। এরপরও সেগুলো জব্দ করায় অভিযানের বৈধতা ও পণ্যের মালিকানা নিয়ে
প্রশ্ন ওঠে।
এদিকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা
ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ও ৩(গ) বিধি অনুযায়ী অসদাচরণ ও কর্মস্থলে অনুপস্থিতির
অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছিল। সংশ্লিষ্ট নথি অনুযায়ী, আবদুল আহাদ লিখিত
জবাব দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত শুনানির আবেদন করেন। ২০২৬ সালের ১ জানুয়ারি তার ব্যক্তিগত
শুনানি অনুষ্ঠিত হয়। পরে তার জবাব সন্তোষজনক বিবেচনা করে বিধিমালার ৭(২)(ক) অনুযায়ী
তাঁকে বিভাগীয় মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। তবে ভবিষ্যতে দায়িত্ব পালনে সতর্ক থাকার
নির্দেশ দেওয়া হয়েছিল বলে জানা গেছে।
বিভিন্ন সময়ে অভিযোগ ও বিতর্কের
মুখে থাকা কাস্টমস কর্মকর্তা আবদুল আহাদকে মতিঝিল কাস্টমসে পদায়ন করায় প্রশ্ন তুলেছেন
সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তাদের মতে, আগের সব কর্মস্থলে ওঠা অভিযোগ, ব্যবসায়ীর করা মামলার
বর্তমান অবস্থা এবং ২০২৬ সালের সেপ্টেম্বরে আবদুল আহাদের বিরুদ্ধে জমা পড়া নতুন অভিযোগ
নিরপেক্ষভাবে পর্যালোচনা করা প্রয়োজন।
এদিকে ২০২৬-২৭ অর্থবছরে ভ্যাট আদায়ের
লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৪৮০ কোটি টাকা। তবে অর্থবছরের প্রথম
তিন মাসে লক্ষ্যমাত্রার তুলনায় আদায় কম হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ব্যবসায়ীদের
অভিযোগ, ভ্যাট ও কাস্টমস বিভাগের কিছু কর্মকর্তার অভিযান, পণ্য জব্দ এবং তল্লাশির নামে
হয়রানিতে ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হচ্ছে। কোথাও কোথাও ল্যাপটপ, মুঠোফোন ও জরুরি
কাগজপত্র জব্দের অভিযোগও রয়েছে।
ব্যবসায়ীদের ভাষ্য, আইন অনুযায়ী
ভ্যাট ও কর দিতে তারা আগ্রহী। তবে রাজস্ব আদায়ের নামে হয়রানি করা হলে বিনিয়োগ ও ব্যবসার
পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে। তাই আবদুল আহাদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত,
প্রয়োজনীয় নথি যাচাই এবং তদন্তের ফল প্রকাশের দাবি জানিয়েছেন তারা।
পাহাড়সম এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও, কাস্টমস কর্মকর্তা আব্দুল আহাদকে মুঠোফোনে পাওয়া যায়নি।