× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রীর খুলনা সফরের মাঝেই বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

খুলনা অফিস

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬ ১৮:১০ পিএম

নিহত তরিকুল ইসলাম শেখ।

নিহত তরিকুল ইসলাম শেখ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর ঘিরে নিরাপত্তা জোরদারের মধ্যেই জেলার ডুমুরিয়ায় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে বিএনপি নেতার ছেলে তরিকুল ইসলাম শেখকে (৩৫)। 

উপজেলার আমভিটা-রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকায় বৃহস্পতিবার দুপুরে একটি চায়ের দোকানে ঢুকে তাকে গুলি করে হত্যা করে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত।

হত্যাকাণ্ড ঘটিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায় তারা। প্রধানমন্ত্রীর সফরের দিনেই এমন হত্যাকাণ্ড খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

স্থানীয়দের কয়েকজন বলেন, আজ দুপুরে গফফার নামে এক ব্যক্তির চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন তরিকুল ইসলাম শেখ। এ সময় মোটরসাইকেলে করে হেলমেট পরা দুই ব্যক্তি দোকানে এসে তাকে ডেকে নেয়। এরপর সরাসরি মাথা লক্ষ্য করে গুলি করে তারা।

তারা বলেন, মাটিতে লুটিয়ে পড়লে তার শরীরে আরও একটি গুলি করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তরিকুলের। হত্যাকাণ্ড ঘটিয়ে দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায় তারা।

নিহত তরিকুল ১২ নম্বর রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম শেখের ছেলে। ঘটনার সময় এলাকার অনেকেই প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিভিন্ন আয়োজন নিয়ে ব্যস্ত ছিলেন। এমন পরিস্থিতিতে জনবহুল এলাকায় প্রকাশ্যে হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

প্রধানমন্ত্রীর সফর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বাগেরহাট-মোংলা সফর শেষে বৃহস্পতিবার খুলনায় আসছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খুলনা জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তার যোগ দেওয়ার কথা। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি তৎপরতা এবং নিরাপত্তা জোরদার করা হয়। এর মধ্যেই জেলার একটি জনবহুল এলাকায় এমন হত্যাকাণ্ড নিরাপত্তাব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে।

খুলনায় সাম্প্রতিক সময়ে অপরাধের ধারাবাহিকতা উদ্বেগজনকভাবে বেড়েছে। প্রধানমন্ত্রীর সফরের আগে মাত্র ৩৬ ঘণ্টার ব্যবধানে খুলনা মহানগরী ও রূপসায় চারটি হত্যাকাণ্ড এবং মরদেহ উদ্ধারের ঘটনা ঘটে। এর মধ্যে মহানগরীতে দুটি হত্যাকাণ্ড এবং রূপসায় দুটি মরদেহ উদ্ধারের ঘটনা রয়েছে।

এদিকে বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের গত ১০ মাসে শুধু খুলনা জেলায় হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ৭৫ জন। ধারাবাহিক এসব হত্যাকাণ্ড ও মরদেহ উদ্ধারের ঘটনায় অপরাধীদের দৌরাত্ম্য, জননিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকা নিয়ে উদ্বেগ বাড়ছে।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে যখন খুলনায় নিরাপত্তার বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে, ঠিক তখনই প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যার ঘটনা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আবারও আলোচনায় নিয়ে এসেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা