× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘মেরে ফেল, তবু টাকা নিস না’, ছিনতাইয়ের শিকার নারীর আকুতি

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ ২২:৫৮ পিএম

ছিনতাইকারীদের কবলে পড়া শামসুন নাহার।

ছিনতাইকারীদের কবলে পড়া শামসুন নাহার।

‘আমাকে মেরে ফেল, তবু আমার টাকা নিস না।’ অস্ত্রের মুখে জিম্মি হয়ে ছিনতাইকারীদের কাছে এমন আকুতিই করেছিলেন শামসুন নাহার। কিন্তু তার আর্তিতে কান দেয়নি সশস্ত্র দলটি। 

চট্টগ্রামের রাউজানে প্রকাশ্য দিবালোকে জমি কেনার জন্য নিয়ে যাওয়া ২৫ লাখ টাকা দুর্বৃত্তরা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। ছোট ছেলের করা সঞ্চয় হারিয়ে এখন দিশেহারা এই মা।

উপজেলার কদলপুর নতুনহাট সংযোগ সড়কের বড়ুয়াপাড়া এলাকায় মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

কদলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শামসুন নাহার জমি নিবন্ধনের জন্য সিএনজিচালিত অটোরিকশায় সাবরেজিস্ট্রি অফিসে যাচ্ছিলেন। তার দাবি ব্যাগে নগদ ২৫ লাখ টাকা।

প্রত্যক্ষদর্শী ও ওই নারীর বরাতে জানা গেছে, দুটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশায় আসা ৮ থেকে ১০ জনের সশস্ত্র দল তাদের পথরোধ করে।

শামসুন নাহার বলেন, হঠাৎ একটি মোটরসাইকেল অটোরিকশার সামনে এসে পথ আটকে দেয়। পাশের আরেকটি মোটরসাইকেল থেকে নেমে দুজন গাড়ির চাবি ও চালকের মোবাইল ফোন কেড়ে নেয়।

চালক বাধা দিতে গেলে একজন কোমর থেকে পিস্তল বের করেন। এরপর আরেকটি মোটরসাইকেলে আসা আরও দুজন অস্ত্রের মুখে ভয় দেখিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেয় বলেও দাবি করেন তিনি।

আহাজারি করতে করতে শামসুন নাহার বলেন, “আমি তাদের বলছিলাম, আমাকে মেরে ফেল, তবুও আমার টাকা নিস না। কিন্তু টাকাগুলো তারা নিয়ে গেছে। আমার ছোট ছেলের অনেক কষ্টের জমানো টাকা। তার টাকা দিয়েই জমি কিনতে যাচ্ছিলাম। এখন আমি কী করব, জানি না।”

দিনদুপুরে এ ছিনতাইয়ের ঘটনায় রাউজানে চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ঘটনার নিন্দা জানিয়ে খালেদা জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক ব্যারিস্টার তারেক আকবর খোন্দকার বলেন, এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। রাউজানের মতো নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতি দেশের আর কোনো উপজেলায় নেই। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি প্রশাসনের প্রতি অবিলম্বে পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।

রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “ভুক্তভোগী নারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”

রাউজানে সাম্প্রতিক সময়ে এ ধরনের অপরাধের ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ১১ সেপ্টেম্বর কদলপুরের ব্যবসায়ী এনাম হোসেন চৌধুরীর চাচার ওপর মদুনাঘাট সেতুর সামনে জিয়াবাজার এলাকায় হামলা হয়।

এনামের অভিযোগ, ইয়াবা ব্যবসায়ী বরকত আলী তার কাছে চাঁদা দাবি করেছিলেন এবং বরকত ও মামুনের নেতৃত্বে ওই হামলা চালানো হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ২০২৬ সালের সেপ্টেম্বরের শুরু পর্যন্ত রাউজানে ২৭টি হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশের তথ্য বলছে, এর মধ্যে ২০টি রাজনৈতিক বিরোধের জেরে সংঘটিত।

একই সময়ে শতাধিক গোলাগুলি ও সংঘর্ষের ঘটনায় সাড়ে তিন শতাধিক মানুষ আহত হয়েছেন। একের পর এক সহিংসতায় জনমনে উদ্বেগ বাড়ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা