চট্টগ্রাম বিমানবন্দর
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর হ্যান্ডব্যাগ তল্লাশি করে ৪৯টি স্বর্ণের চুড়ি জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ছবি: সংগৃহীত
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর হ্যান্ডব্যাগ তল্লাশি করে ৪৯টি স্বর্ণের চুড়ি জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জব্দ করা এসব স্বর্ণের মোট ওজন ১ কেজি ৪৮০ গ্রাম। শুল্ক-করসহ এর আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৮০ লাখ ২৩ হাজার ৮০০ টাকা।
আজ রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব স্বর্ণের চুড়ি জব্দ করা হয়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্র জানায়, সকাল ১১টা ১২ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ নম্বর ফ্লাইটে সৌদি আরবের জেদ্দা থেকে চট্টগ্রামে আসেন মো. শরিফ (পাসপোর্ট নম্বর A01009640) নামের এক যাত্রী। বিমানবন্দরে নেমে কোনো ধরনের ঘোষণা ছাড়াই স্বর্ণালংকারগুলো নিয়ে গ্রিন চ্যানেল দিয়ে বের হওয়ার চেষ্টা করছিলেন তিনি।
এ সময় সন্দেহ হলে কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন। তবে তিনি স্বর্ণ বহনের বিষয়টি সরাসরি অস্বীকার করেন। পরে অন্যান্য সংস্থার উপস্থিতিতে কাস্টমস হলরুমে তার সঙ্গে থাকা হ্যান্ডব্যাগটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ব্যাগের ভেতর থেকে ৪৯টি স্বর্ণের চুড়ি উদ্ধার করা হয় এবং পরবর্তীতে তা জব্দ করা হয়।
তবে এ ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে পরবর্তী কী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত কোনো তথ্য উল্লেখ করা হয়নি।