কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে মিয়ানমারের সশস্ত্র সংগঠন ‘ইসলামী মাহাজ’–এর প্রধান মো. রফিককে (৪০) আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। ছবি: এপিবিএনের সৌজন্যে
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে মিয়ানমারের সশস্ত্র সংগঠন ‘ইসলামী মাহাজ’–এর প্রধান মো. রফিককে (৪০) আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রফিক জানিয়েছেন যে তার সংগঠনে বাংলাদেশে প্রায় ৩০০ ও মিয়ানমারে প্রায় ৪০০ সদস্য রয়েছে। এছাড়া সংগঠনটির সদস্যদের কাছে ৯০টি আগ্নেয়াস্ত্র থাকার কথাও দাবি করেছেন তিনি। তবে এসব তথ্য যাচাই-বাছাই করছে পুলিশ।
গত শনিবার রাত সাড়ে নয়টার দিকে উখিয়ার ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি/৫ ব্লকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে উখিয়া থানার মাধ্যমে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এপিবিএন সূত্র জানায়, শনিবার রাত আটটা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ৯ নম্বর ক্যাম্পের সি/৫ ব্লকে নিজের শেডের কাছে সহযোগীদের নিয়ে বৈঠক করছেন রফিক। পরে পানবাজার পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক সঞ্জয় কুমার কুন্ডুর নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রফিকসহ অন্যরা পালানোর চেষ্টা করেন। এ সময় রফিককে আটক করা গেলেও তার সহযোগীরা পালিয়ে যান।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জিজ্ঞাসাবাদে রফিক নিজেকে ইসলামী মাহাজের প্রধান বলে দাবি করেন। তার ভাষ্যমতে, ৯০টি আগ্নেয়াস্ত্র মিয়ানমারের বিভিন্ন এলাকায় সংগঠনের সদস্যদের হেফাজতে রয়েছে। তবে বাংলাদেশে অবস্থানরত সদস্যদের কাছে কোনো অস্ত্র আছে কি না, সে বিষয়ে তিনি অসংগতিপূর্ণ তথ্য দিয়েছেন।
এপিবিএনের দাবি, রফিক ও তার সহযোগীদের বিরুদ্ধে রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী কর্মকাণ্ড, অস্ত্র ও মাদক কেনাবেচা, ভয়ভীতি প্রদর্শন এবং অপহরণ করে গুম করার মতো গুরুতর অভিযোগ রয়েছে। এসব তৎপরতার মাধ্যমে সংগঠনটি ক্যাম্পের সামগ্রিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলার জন্য হুমকি সৃষ্টি করতে পারে বলে পুলিশ আশঙ্কা করছে। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি
৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, ক্যাম্প এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, অস্ত্রধারী সন্ত্রাসী ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে নিয়মিত ও বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইসলামী মাহাজের প্রধান মো. রফিককে গ্রেপ্তার করা হয়েছে। তার দেওয়া বক্তব্য যাচাই-বাছাই করা হচ্ছে এবং তার সহযোগীদের ধরতেও অভিযান চলছে।
তিনি আরও জানান, ক্যাম্পে অপরাধমূলক কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো চেষ্টা প্রতিরোধে এপিবিএনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে ও ক্যাম্পের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে।