× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বউয়ের বিয়েতে সাবেক স্বামীর আবেগঘন পোস্ট, মামাকে পিটিয়ে হত্যার অভিযোগ

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ ১৪:৪৩ পিএম

বিয়ের ছবি, ইনসেটে নিহত ফজলে আলী। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

বিয়ের ছবি, ইনসেটে নিহত ফজলে আলী। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

লক্ষ্মীপুরের কমলনগরে সাবেক স্ত্রীর অন্যত্র বিয়ে হওয়ায় ফেসবুকে আবেগঘন পোস্ট দেন এক যুবক। আর সেই পোস্টকে কেন্দ্র করে তার মামাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে সাবেক স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে।

উপজেলার চরকাদিরা ইউনিয়নের বটতলী বাজারে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। নিহত ফজলে আলী (৬০) ওরফে হাজারি একই এলাকার বাসিন্দা।

স্বজনদের ভাষ্য, অভিযুক্তদের হামলায় গুরুতর আহত হওয়ার পর ঢাকায় নেওয়ার পথে মারা যান। শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহতের পরিবারের অভিযোগ, ফেসবুকে দেওয়া পোস্টের জেরে পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনেরা।

স্থানীয়রা বলছেন, প্রেমের সম্পর্কের সূত্র ধরে প্রায় দুই বছর আগে ফজলে আলীর ভাগ্নে দেলোয়ার মাহমুদের সঙ্গে বটতলী এলাকার জামাল হোসেনের মেয়ে জেরিন আক্তারের বিয়ে হয়। তবে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধের জেরে কিছুদিন পর তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। সম্প্রতি জেরিনের অন্যত্র বিয়ে হলে ফেনীতে কর্মরত সাবেক স্বামী দেলোয়ার তাকে নিয়ে ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দেন। এ নিয়ে জেরিনের আত্মীয়স্বজনের মধ্যে অসন্তোষ তৈরি হয়।

পরিবারের ভাষ্য অনুযায়ী, শুক্রবার রাতে জেরিনের স্বজনেরা বটতলী বাজারে ফজলে আলীর কাছে গিয়ে দেলোয়ারের ফেসবুক পোস্টের বিষয়ে অভিযোগ করেন। এ সময় ফজলে আলী ভাগ্নে বাড়ি ফিরলে বিষয়টি সমাধানের আশ্বাস দেন। কিন্তু এর মধ্যেই তার ওপর হামলা চালানো হয়। হামলাকারীদের এলোপাতাড়ি কিল-ঘুষিতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে রাতেই তার মৃত্যু হয়।

বটতলী বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নুরনবী বলেন, “মাহফুজের নেতৃত্বে ১৫-২০ জন প্রকাশ্যে বাজারে ফজলে আলীর ওপর হামলা চালান। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। হামলার পর মাহফুজের বাবা আবু তাহের ও নাজিম মেম্বার ঘটনাস্থলে এসে ‘কিছু হবে না’ বলে ঔদ্ধত্য প্রকাশ করেন। তার ভাষ্য, ফজলে আলী এলাকায় অত্যন্ত ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন”।

নিহতের ছেলে মো. ফয়সাল অভিযোগ করেন, জেরিনের আত্মীয় নাজিম মেম্বারের ইন্ধনে এবং খালাতো ভাই মাহফুজের নেতৃত্বে তার বাবার ওপর হামলা চালানো হয়। এতে মাহফুজ, রবিন, নিহাদ, জিহাদ, আবু তাহের ও জামাল হোসেন অংশ নেন বলে তিনি দাবি করেন।

ফয়সাল আরও বলেন, “ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন”।

একটি প্রভাবশালী মহল ঘটনাটি মীমাংসার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। বাবার হত্যার বিচার দাবি করে তিনি জানান, পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তবে এ বিষয়ে অভিযুক্ত মাহফুজসহ অন্যদের বক্তব্য নেওয়ার টেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদুল আলম জানান, শনিবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা