প্রতীকী ছবি
খুলনা মহানগরীর লবণচরা থানা এলাকায় খুশি (২৫) নামের এক নারীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে জিন্নাপাড়া বউবাজার এলাকার সাত নম্বর গলিতে এ ঘটনা ঘটে।
নিহত খুশি ওই এলাকার বাসিন্দা সুমন সরদারের স্ত্রী। তার স্বামী এলাকায় ‘ব্লেড বাবু’ নামে পরিচিত।
লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকসংক্রান্ত বিরোধের জেরে জিন্নাপাড়ার একটি সড়কে দুর্বৃত্তরা খুশিকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, নিহত নারীর স্বামী সুমন সরদারের পরিবারের সদস্যদের বিরুদ্ধে মাদক-সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। মাদক নিয়ে বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে জানিয়ে ওসি বলেন, এ ঘটনায় কারা জড়িত, তা শনাক্ত ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ তদন্ত শুরু করেছে।