প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬ ২০:৫১ পিএম
প্রতীকী ছবি
কুমিল্লায় যুবদল নেতাকে, সুনামগঞ্জে বৃদ্ধাকে এবং সাতক্ষীরায় মৎস্যঘের মালিককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ছাড়া নারায়ণগঞ্জ ও কক্সবাজরে ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত প্রতিবেদকদের পাঠানো খবরেÑ
কুমিল্লা: আদর্শ সদর উপজেলার ছত্রখিল এলাকায় মো. আবু কাউসার (৩৫) নামের এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। নিহত কাউছার নগরীর ৪ নম্বর ওয়ার্ডের যুবদলের সদস্য। তিনি কাপ্তানবাজার এলাকার প্রয়াত আবদুল মান্নানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নগরের কাপ্তানবাজার এলাকার কাউছারের বন্ধু মো. শামীম এবং নন্দিরবাজার এলাকার তানজিল ও তৌহিদের মধ্যে ছত্রখিল এলাকার একটি জমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সকালে বিরোধপূর্ণ জমিতে শামীম, কাউছার ও হেলাল উদ্দিনসহ কয়েকজন গেলে প্রতিপক্ষের লোকজন লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা কাউছারকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ঘটনার পর হামলাকারীরা এলাকা ছেড়ে পালিয়েছেন। তাদের আটকের চেষ্টা চলছে।
তালা (সাতক্ষীরা): ঘেরে মাছ চুরির সন্দেহে ক্ষিতিশ মন্ডল (৫৩) নামের এক ঘেরমালিক কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার ভোরে তালার জিয়ালা গ্রামের উত্তর খোলা বিলে এ ঘটনা ঘটে। নিহত ক্ষিতিশ ওই গ্রামের মৃত মনিন্দ্র নাথ মন্ডলের ছেলে।
নিহতের চাচাতো ভাই পার্থ মন্ডল জানান, জেয়ালা উত্তর খোলা বিলে বিশ্বনাথ ঘোষের ঘেরে মাছ চুরির সন্দেহে বৃহস্পতিবার গভীর রাতে ক্ষিতিশকে আটক করা হয়। পরে তাকে বিশ্বনাথ ঘোষ, শিমুল ঘোষ, সমর ঘোষসহ ১০-১৫ জন গাছে বেঁধে গণপিটুনি দিয়ে হাত, পা ভেঙে দেয় এবং মাথায় কোপায়। পরে সকালে স্থানীয়দের সহযোগিতায় ক্ষিতিশকে উদ্ধার করে তালা হাসপাতালে নেওয়া পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিন আলী জানান, ঘেরে মাছ চুরি সন্দেহে ক্ষিতিশ মন্ডলকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সুনামগঞ্জ: পারিবারিক কলহের জেরে বৃদ্ধ মা রেজিয়া খাতুনকে (৭০) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। ঘটনার পর পরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ছেলে নুরু আলমকে (৪৫) আটক করে পুলিশ। গতকাল সদর উপজেলার কাইয়ারগাঁও মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ওসি রতন শেখ জানান, ঘাতক ছেলেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নারায়ণগঞ্জ: নাদিম আকন্দ (৩৬) নামের এক শ্রমিকের বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে আড়াইহাজারের দড়ি সত্যভান্দী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার উত্তর জাঙ্গালিয়া গ্রামে। তিনি দুপ্তারা ইউনিয়নের কালিবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং একটি মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন।
আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন বলেন, নিহতের হাত বাঁধা ও গলায় রশি পেঁচানো ছিল। লাশের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।
টেকনাফ (কক্সবাজার): নাফ নদ থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে টেকনাফের জাদিমুরা সংলগ্ন নাফ নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নাফ নদে এক অজ্ঞাত ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।