× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাসপাতালে ঢুকে যুবককে পিটিয়ে হত্যা

নেতৃত্বে থাকা আমিনী বললেন, ‘অনুতপ্ত নই, গর্বিত’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ ১৭:০৭ পিএম

ছবি: দ্য ডিসেন্ট

ছবি: দ্য ডিসেন্ট

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওয়াহিদুজ্জামান শামীম (৩৮) নামের এক ‘মানসিক সমস্যায় আক্রান্ত এক যুবক’কে পিটিয়ে হত্যার ঘটনায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন কারী ফজলুল হক আমিনী নামের এক ব্যক্তি। হত্যাকাণ্ডের পর ফেসবুক লাইভে উল্লাস প্রকাশের পাশাপাশি তিনি দাবি করেছেন, এই ঘটনায় তিনি ‘অনুতপ্ত নন, বরং গর্বিত’।

‘দ্য ডিসেন্ট’-এর এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। 

নিহত শামীমের পরিবারের তথ্যমতে, তিনি গত ১০ বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং ঢাকা ও খুলনায় চিকিৎসাধীন ছিলেন।

অন্যদিকে অভিযুক্ত আমিনী পেশায় ভাড়ায় মোটরসাইকেলচালক এবং সুযোগ পেলে বিভিন্ন মসজিদে ‘প্রক্সিতে ইমামতি’ করতেন।

ফেসবুক লাইভে হত্যার ঘোষণা

দ্য ডিসেন্টের প্রতিবেদনে বলা হয়, শামীমকে হত্যার আগে ও পরে আমিনী নিজের ফেসবুক প্রোফাইল থেকে একাধিক লাইভ, ভিডিও ও পোস্ট দেন। মঙ্গলবার দুপুর সাড়ে তিনটার দিকে এক লাইভে এসে তিনি বলেন, “ওয়াহিদুজ্জামান শামীমের দৃষ্টান্তমূলক শাস্তি অবশ্যই দিতে হবে... আমি শপথ গ্রহণ করলাম, তাকে যেখানে পাওয়া যাবে, সেখানেই দুনিয়া থেকে বিদায় করার জন্য আমি সংকল্পবদ্ধ।” সেখানে তিনি শামীমের নামে একটি অডিও শোনান, তবে দ্য ডিসেন্ট ওই অডিওর সত্যতা নিশ্চিত করতে পারেনি।

একই দিন বিকেলে স্থানীয় এক চিকিৎসকের চেম্বারের সামনে থেকে আরেকটি লাইভে আমিনী উত্তেজিত জনতাকে জড়ো হওয়ার ডাক দেন। তিনি বলেন, শামীম বিষপান করায় তাকে এখানে চিকিৎসার জন্য আনা হয়েছে। এ সময় তিনি শামীমকে চিকিৎসকের হাত থেকে ছিনিয়ে নেওয়ার হুমকি দিয়ে বলেন, “তার কোনো ট্রিটমেন্ট এবং তাকে প্রশাসনের হাতে তুলে দেওয়ার কোনো প্রশ্নই আসে না... প্রশাসনের হাতে দেওয়া মানে জামাই আদরে সে থাকবে।”

চেম্বার ও হাসপাতালে হামলা

প্রতিবেদনে উল্লেখ করা হয়, চিকিৎসকের চেম্বারে ঢুকে শামীমকে টেনেহিঁচড়ে বের করা হয়। দ্য ডিসেন্টের সংগ্রহ করা ভিডিওতে দেখা যায়, শামীমকে রাস্তায় ফেলে মারধর করা হচ্ছে এবং আমিনীসহ কয়েকজন মাটিতে পড়ে থাকা শামীমের বুকে জুতাসহ পা দিয়ে সজোরে লাথি মারছেন।

পরে পুলিশ গিয়ে শামীমকে উদ্ধার করে দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু রাত ৯টার দিকে আমিনীর নেতৃত্বে শতাধিক ব্যক্তি মিছিল নিয়ে হাসপাতালে চড়াও হয় এবং বারান্দায় থাকা শামীমকে পিটিয়ে হত্যা করে।

শামীমের মৃত্যুর পর আমিনী ফেসবুকে তার মরদেহের ছবি দিয়ে লেখেন, ‘আলহামদুলিল্লাহ, তিনি মারা গেছেন’। এর আগে অপর এক পোস্টে তিনি লেখেন, ‘মুরতাদ ওয়াহিদুজ্জামান শামীম, কই মাছের জান তোর’।

আমিনীর বক্তব্য

হত্যাকাণ্ডের পর দ্য ডিসেন্ট আমিনীর সঙ্গে কথা বললে তিনি কোনো ধরনের অনুশোচনা প্রকাশ করেননি। তিনি বলেন, “আমি অনুতপ্ত হব? না না না, কোন অনুতপ্ত না আমি।” তিনি নিজেকে এই ঘটনায় ‘গর্বিত’ দাবি করে বলেন, গ্রেপ্তার হতেও তার কোনো ভয় নেই।

শামীম সত্যিই অবমাননাকর মন্তব্য করেছিলেন কি না—তা তিনি নিজে যাচাই করেছিলেন কি না জানতে চাইলে আমিনী স্বীকার করেন, তিনি নিজে যাচাই করেননি, অন্য ব্যক্তিদের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে এ পদক্ষেপ নিয়েছেন। আর শামীমের ১০ বছরের মানসিক অসুস্থতার চিকিৎসার বিষয়ে তিনি দাবি করেন, শামীমের কথাবার্তা শুনে তার কাছে পাগল মনে হয়নি।

এ বিষয়ে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন দ্য ডিসেন্টকে জানিয়েছেন, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ফজলুল হক আমিনী গা-ঢাকা দিয়েছেন এবং তার অবস্থান শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা