× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আওয়াজডটবিডি

যৌন নিপীড়নের শিকার শিশুদের ভয়াবহ বর্ণনা

তোফাজ্জল হোসেন কামাল

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ ০৯:৫১ এএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

‘শৈশবে প্রায় এক বছর ধরে প্রতি রাতে ঘটে যাওয়া বীভৎস যৌন নির্যাতনের ঘটনা আজ প্রায় ৩৭ বছর বয়সেও আমি ভুলতে পারিনি। সেই সময়ের ভয়, অসহায়ত্ব ও মানসিক যন্ত্রণা ভাষায় প্রকাশ করা কঠিন। সময় পেরিয়েছে, জীবন এগিয়েছে, কিন্তু কিছু স্মৃতি সময়ের সঙ্গে মুছে যায় নাÑ বরং নীরবে মনের ভেতর থেকে যায়। সেই ব্যক্তির সঙ্গে এখনও মাঝেমধ্যে দেখা হয়; পৃথিবীতে আমার ঘৃণিত মানুষের তালিকায় একমাত্র সেই মানুষটিই রয়েছে। আমি সত্যিই ভুলে যেতে চাই সেই দিনগুলো, কিন্তু শৈশবের কিছু ক্ষত চাইলেই ভোলা যায় না।’ 

নরসিংদীর বেলাবোর একটি মাদ্রাসায় ১৩ থেকে ১৫ বছর বয়সে কওমি মাদ্রাসা শিক্ষকের যৌন নিপীড়নের শিকার হওয়ার তিক্ত অভিজ্ঞতার বর্ণনা এটি, একজন বেনামি ভুক্তভোগী এ ঘটনা বর্ণনা করেছেন। তার বর্ণনা মতে, প্রথমে জোরপূর্বক, পরে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার তাকে যৌন নির্যাতন করা হয়।

‘১০ বছর বয়সে আমার দূর-সম্পর্কের কাজিন আমাকে রেপ করে। এটা আমার লাইফ লং ট্রমা হয়ে গেছে। আমি এখনো বের হতে পারিনি এখান থেকে। এখনও নামাজে কান্না করি। নিজেকে নিয়ে সব সময় হীনম্মন্যতায় ভুগি। আমি এর জন্য গ্রামে যেতে চাই না।’ একদিন চাঁদপুর জেলার মতলব উত্তরে ঘটে যাওয়া স্কুলজীবনে নির্যাতনের সকরুণ বর্ণনা এভাবেই লিখেছেন অজ্ঞাতপরিচয় নারী।

এ দুটি ঘটনা দেশে শিশু নির্যাতনের অজস্র ঘটনার সামান্য উদাহরণ মাত্র। সংক্ষেপে যৌন নির্যাতনের ঘটনা বর্ণনা করে দেশ-জাতির কাছে তুলে ধরার সুযোগ করে দিয়েছে নতুন প্লাটফর্ম ‘আওয়াজডটবিডি’।

‘আওয়াজ উঠাও’ স্লোগানে প্লাটফর্মটির যাত্রা চলতি বছরের ৭ সেপ্টেম্বর বিকেলে। প্লাটফর্মটিতে ঢুকলে স্ক্রিনে ভেসে ওঠে ‘আপনার নীরবতা অপরাধকে প্রশ্রয় দেয়, আপনার তথ্য অপরাধ দমনে সহায়তা করে’। আরও লেখা হয়েছে, বিশেষত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয়, শিশুদের নিপীড়নের প্রকৃত মাত্রা বোঝাতে মানুষের দেওয়া বেনামি তথ্য থেকে তৈরি পরিসংখ্যানে কোনো নাম, ছবি বা পরিচয় নেই। প্লাটফর্মটি গড়ে তোলা হয়েছে শিশু বয়সে যৌন নিপীড়নের শিকার হওয়ার ঘটনা তুলে ধরার জন্য। গত ৩০ দিনে অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন ২২১ জন। 

প্লাটফর্মটির লক্ষ্য ও উদ্দেশ্য

‘আওয়াজডটবিডি’র পেছনে কাজ করছেন রাকিবুল হাসান ও সালাহউদ্দীন জাহাঙ্গীর নামের দুই তরুণ। রাকিবুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে পড়াশোনা শেষ করেছেন। বর্তমানে অনলাইনে উদ্যোক্তা হিসেবে কাজ করছেন। সালাহউদ্দীন জাহাঙ্গীর কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে এমফিল করছেন ও একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।

রাকিবুল হাসান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, শুরু থেকেই লক্ষ্য ছিল ম্যাস লেভেলে ধারাবাহিক সচেতনতা তৈরি করা, বিশেষ করে কওমি মাদ্রাসায় শিশুদের যৌন নিপীড়নের ঘটনাগুলো নিয়ে। একটি ঘটনা ঘটার পর সেটি কিছুদিন আলোচনায় থাকে, সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, এরপর আবার চাপা পড়ে যায়। পরে আরেকটি ঘটনা ঘটলে একইভাবে আলোচনা শুরু হয়। অন্যতম উদ্দেশ্য হলো, এই চক্র থেকে বের হয়ে বিষয়টিকে ধারাবাহিক আলোচনার মধ্যে রাখা।

রাকিবুল বলেন, আমাদের মূল লক্ষ্য, কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড ও সরকারকে এ বিষয়ে সক্রিয় করা। পর্যাপ্ত মানুষ যদি তাদের অভিজ্ঞতা ও তথ্য জানান, বিষয়টি নিয়ে আলোচনা ও সংবাদ প্রকাশ হয়, তাহলে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং সরকার এ বিষয়ে আরও সচেতন হবে। একই সঙ্গে শিশুদের যৌন নিপীড়ন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সক্ষমতাও সরকারের রয়েছে। তার মতে, সরকারের বড় বাজেট ও অবকাঠামো রয়েছে, ফলে এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া তাদের পক্ষে সম্ভব। সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় করা, তাদের ওপর সামাজিক চাপ তৈরি করা এবং গণসচেতনতা বাড়ানোই মূল উদ্দেশ্য।

২২১টি অভিযোগ

২২১টি অভিযোগকে পরিসংখ্যানগতভাবে তুলে ধরা হয়েছে প্লাটফর্মটিতে। ভুক্তভোগীর পৃথক তথ্য দিয়ে জানানো হয়েছে, ভুক্তভোগীদের মধ্যে ১৮০টি ঘটনা পুরুষের, বাকি ৪১টি ঘটনা নারীর। ছেলেদের ক্ষেত্রে ৬৬ ঘটনা পরিচিতদের মাধ্যমে, ৪৩টি ঘটনা বিশ্বস্ত পরিচিত, ১২টি ঘটনা নিকটাত্মীয়, ১৯টি ঘটনা অপরিচিত, ১৯টি ঘটনা অন্যান্য ও ১৭টি ঘটনা দূর-সম্পর্কের আত্মীয়ের মাধ্যমে ঘটেছে। আর মেয়েদের ক্ষেত্রে ৬টি পরিচিত, ১০টি বিশ্বস্ত পরিচিত, ৫টি নিকটাত্মীয়, ১০টি দূর-সম্পর্কের আত্মীয়ের মাধ্যমে ঘটেছে। প্রতি ১৩ জনের একজন পরিবারের সদস্যদের মাধ্যমে নিপীড়নের শিকার হয়েছে। নিপীড়নের ৪৩ শতাংশ ঘটনা ঘটেছে বাসাবাড়িতে।

৪৩ ঘটনাই কওমি মাদ্রাসায়

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘটিত ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঘটেছে কওমি মাদরাসায়। এসব প্রতিষ্ঠানে মোট ৯১টি ঘটনার মধ্যে কওমি মাদ্রাসায় ঘটেছে ৪৩টি, স্কুলে ১৭টি, মসজিদে ১০টি, ইউনিভার্সিটিতে ৯টি, আলিয়া মাদ্রাসায় ৬টি ও কলেজে ৪টি। মন্দিরে ২টি ঘটনা ঘটলেও প্যাগোডায় কোনো ঘটনা এখন পর্যন্ত রিপোর্ট হয়নি।

কোন বয়সে বেশি

ভুক্তভোগীর বয়স বিশ্লেষণে দেখা যায়, ১০ থেকে ১২ বছর বয়সীদের সঙ্গে সবচেয়ে বেশি ঘটেছে। এই বয়সের ভুক্তভোগীর সংখ্যা ৫১, যা মোট রিপোর্টের ৪০ শতাংশ। এরপর ১৩ থেকে ১৫ বছর বয়সীদের মধ্যে ৪৪টি (৩৪ শতাংশ) ঘটনা ঘটেছে। ৭ থেকে ৯ বছর বয়সীদের ক্ষেত্রে ৪৯টি (৫২ শতাংশ), ১৬ থেকে ১৮ বছর বয়সীদের ক্ষেত্রে ১৬টি (১৩ শতাংশ), ১৯ থেকে ৩০ বছর বয়সীদের ক্ষেত্রে ৩১টি (৩০ শতাংশ) ও ৩১ থেকে ৫০ বছর বয়সীদের ক্ষেত্রে ৬টি (৫ শতাংশ) ঘটনার তথ্য জমা হয়েছে।

জেলাভিত্তিক পরিসংখ্যান

সবচেয়ে বেশি রিপোর্ট পাওয়া গেছে ঢাকা জেলায়, মোট ৫৪টি ঘটনা। এরপর চট্টগ্রাম ২০, কুমিল্লা ১৪, ময়মনসিংহ ১০, নারায়ণগঞ্জ ৯ ও নোয়াখালীতে ৮টি ঘটনা। ১৫টি জেলা থেকে কোনো ঘটনার বর্ণনা উঠে আসেনি।

যে কথা বলছেন বিশেষজ্ঞরা

শিশু বয়সে যৌন নিপীড়নের শিকার হলে এর দীর্ঘমেয়াদি নানা ধরনের প্রভাব পড়তে পারে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক কামাল উদ্দিন আহমেদ চৌধুরী। তিনি বলেন, বিশেষ করে কওমি মাদ্রাসায় আমরা যেসব ঘটনা দেখতে পাচ্ছি, সেখানে মূলত ছেলেশিশুরাই ভুক্তভোগী। বিভিন্ন বয়সের শিশু এসব ঘটনার শিকার হলেও বেশির ভাগ ক্ষেত্রেই তারা কৈশোরে পৌঁছানোর আগেই নিপীড়নের শিকার হচ্ছে। মনোবিজ্ঞানের দিক থেকে দেখলে, যৌন নিপীড়নের শারীরিক ক্ষত সময়ের সঙ্গে অনেক ক্ষেত্রে সেরে উঠতে পারে। কিন্তু মানসিক আঘাত দীর্ঘস্থায়ী হলে সেটি তার জীবনে ট্রমা হিসেবে থেকে যেতে পারে। 

কওমি মাদ্রাসার আবাসিক ব্যবস্থার মধ্যেও বড় ধরনের সমস্যা রয়েছে বলে তিনি মনে করেন। অল্প জায়গায় অনেক শিশুকে একসঙ্গে রাখা হয়। পড়াশোনা ও ধর্মীয় শিক্ষার পাশাপাশি অনেক শিশুকে গা-হাত-পা টিপে দেওয়া বা বিভিন্ন ধরনের ব্যক্তিগত কাজ করতে হয়। এ ধরনের পরিবেশে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন। তার মতে, এসব শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যকর নজরদারির ব্যবস্থা গড়ে তুলতে হবে। শিশুদের আলাদাভাবে তাদের নিরাপত্তা ও অভিজ্ঞতা সম্পর্কে জিজ্ঞাসা করাও প্রয়োজন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা