নেপথ্যে ধর্ম অবমাননার ক্ষোভ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ ২৩:১৬ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৬ ০০:১৮ এএম
ওয়াহেদুজ্জামান শামীম। ফাইল ছবি
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় 'ধর্ম অবমাননার' অভিযোগে ওয়াহেদুজ্জামান শামীম (৩৬) নামের এক যুবককে দফায় দফায় পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। প্রথমে এক পল্লী চিকিৎসকের চেম্বার থেকে টেনে বের করে এবং পরবর্তী সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে ঢুকে তাকে দ্বিতীয় দফা মারধর করা হয়। উন্নত চিকিৎসার জন্য জেলা শহরে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মঙ্গলবার বিকেল থেকে রাতের মধ্যে দেবহাটা উপজেলার কুলিয়া বাজার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসব ঘটনা ঘটে। নিহত শামীম দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের ছোটশান্তা গ্রামের মৃত শামসুর সানার ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও বিভিন্ন ভিডিও ফুটেজ সূত্রে জানা গেছে, সম্প্রতি শামীমের বিরুদ্ধে ধর্ম অবমাননার একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় সূত্র জানায়, পরিস্থিতির জেরে মঙ্গলবার বিকেলে শামীম বিষপান করেন। আশঙ্কাজনক অবস্থায় স্বজনরা তাকে পার্শ্ববর্তী কুলিয়া ইউনিয়নের একটি বাজারে পল্লী চিকিৎসক আব্দুস সবুরের চেম্বারে নিয়ে যান।
খবর পেয়ে স্থানীয় ফজলুল হক আমিনী এবং কুলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাদিকুল ইসলামের নেতৃত্বে শতাধিক ব্যক্তি ওই চিকিৎসকের চেম্বার ঘেরাও করেন। একপর্যায়ে চিকিৎসকের ওপর চাপ সৃষ্টি করে চেম্বার থেকে শামীমকে রাস্তায় নামিয়ে এনে মারধর করা হয়।
খবর পেয়ে দেবহাটা থানা-পুলিশ রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় শামীমকে উদ্ধার করে মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। কিন্তু সেখানেও পরিস্থিতি শান্ত হয়নি। কিছুক্ষণের মধ্যেই ফজলুল হক আমিনী সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বার্তা ছড়িয়ে হাসপাতাল ঘেরাওয়ের ডাক দেন। অল্প সময়ের ব্যবধানে দেড় থেকে দুই শ লোক মিছিল নিয়ে হাসপাতালের মূল ফটক ও চত্বরে অবস্থান নেয়।
তারা হাসপাতালে ঢুকে পুলিশ ও চিকিৎসকদের বাধা উপেক্ষা করে চিকিৎসাধীন শামীমকে ছিনিয়ে নিয়ে আরেক দফা মারধর করে। একপর্যায়ে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে চিকিৎসকেরা তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) সিদ্ধান্ত নেন। সেখানে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, পুরো ঘটনার নেতৃত্ব দিচ্ছেন ফজলুল হক আমিনী ও জামায়াত নেতা সাদিকুল ইসলাম। এমনকি মৃত্যুর পরও সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্য দিয়ে নিহতের জানাজা ও দাফনে বাধা দেওয়ার ডাক দেওয়া হয় এবং গণমাধ্যমে সংবাদ প্রকাশ না করতে সাংবাদিকদের হুমকি দেওয়া হয়।
হাসপাতালে ঢুকে মারধরের বিষয়টি নিশ্চিত করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. সাইফুল ইসলাম বলেন, “ঘটনাটি আমার হাসপাতালে ঘটেছে। তাকে সন্ধ্যা সাতটার দিকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে ভর্তি রাখা অবস্থায় তাকে ছিনিয়ে আবার আরেক দফা মারধর করা হয়। পরে অবস্থার অবনতি হলে সাতক্ষীরা হাসপাতালে রেফার করা হয়। নেওয়ার পথেই তিনি মারা যান।”
হাসপাতালে আনার সময় শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল কি না জানতে চাইলে তিনি বলেন, “হ্যাঁ, আঘাতের চিহ্ন ছিল। তবে মৃত্যুর কারণ ময়নাতদন্ত ছাড়া কিছু বলা যাবে না।”
হাসপাতালের নিরাপত্তা ও পুলিশের ভূমিকা প্রসঙ্গে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন বলেন, “ইসলাম ধর্ম নিয়ে একটি কটূক্তি করা ভিডিও ফেসবুকে আসে। আসার পর এলাকার লোকজন উত্তেজিত হয়ে তাকে মারধর করে। খবর পেয়ে আমরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে, সেখানে এসে আবার আরেক দফা মারধর করে—এটা হলো মূল বিষয়।”
ওসি আরও বলেন, “সেখানে পুলিশ ছিল, আনসার সদস্যও ছিল। আনসার, পুলিশ, ডাক্তার সবাই বাধা দিয়েছে। তারপরেও ঘটনাস্থলে দেড়-দুই শ লোক একটা মব সৃষ্টি করে হাসপাতালে ঢুকে মারধর করেছে। আমরা থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছি। তারা পাঁচ থেকে সাত মিনিট, সর্বোচ্চ ১০ মিনিটের ভেতরে কাজটা ঘটিয়ে চলে গেছে।”
মামলা ও আটকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এ ঘটনায় কোনো মামলা এখনো হয়নি। কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ভিডিওতে জামায়াত নেতা সাদিকুল ইসলামের উপস্থিতির বিষয়ে জানতে চাইলে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা অলিউল্লাহ বলেন, “এ ব্যাপারে সাদিকুলের কী ভূমিকা ছিল, আমার কাছে সঠিক তথ্য নেই।”
তিনি আরও যোগ করেন, “যদি উনি জড়িত থাকেন, দল তার ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেবে।”
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে কুলিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাদিকুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
তবে অপর অভিযুক্ত মব ফজলুল হক আমিনী বলেন, শামীম গত ছয় মাস ধরে আল্লাহ, রাসুল (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করে আসছিলেন। প্রতিবেশী বা অন্য কেউ তার সঙ্গে কথা বললে তিনি ইসলামবিদ্বেষী কথাবার্তা বলতেন। আজ তৌহিদী জনতা গণপিটুনি দিয়ে তাকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে।