প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ ১৫:২০ পিএম
অপহরণের অভিযোগে রানা ও উদ্ধার হওয়া ৯ মাসের শিশু। ছবি: আনসারের সৌজন্যে
রাজধানীর সচিবালয় মেট্রোরেল স্টেশনে আনসার সদস্যের তৎপরতায় অপহরণের অভিযোগে রানা (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৯ মাস বয়সী এক শিশুকে উদ্ধার করা হয়।
স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্তব্যরত আনসার সদস্য মো. শাহিন মিয়া শিশুটিকে নিয়ে ওই ব্যক্তির সন্দেহজনক চলাফেরা লক্ষ্য করেন। এ সময় শিশুটি কান্নাকাটি করছিল। বিষয়টি নিয়ে শাহিন মিয়াসহ উপস্থিত যাত্রীরা ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে তিনি সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি।
একপর্যায়ে ওই ব্যক্তি স্টেশন থেকে নিচে নেমে পালানোর চেষ্টা করেন। এ সময় দ্রুত পদক্ষেপ নিয়ে আনসার সদস্য শাহিন মিয়া তাকে আটক করতে সক্ষম হন।
পরে স্টেশনে দায়িত্বরত অঙ্গীভূত আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) মো. রিপন বেপারী ঘটনাটি স্টেশনের দায়িত্বরত কন্ট্রোলারকে জানান। পরবর্তী আইনি ব্যবস্থা ও জিজ্ঞাসাবাদের জন্য আটক ব্যক্তি এবং উদ্ধার করা শিশুটিকে এমআরটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
জানা যায়, পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত রানা শিশুটিকে ক্যান্টনমেন্ট এলাকার একটি বস্তি থেকে চুরি করে আনার কথা স্বীকার করেছেন। তবে এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য ও ঘটনার বিস্তারিত তদন্তের ফল জানা যায়নি।
এদিকে, উদ্ধার হওয়া শিশুটির অভিভাবকদের শনাক্ত করে তাদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।