নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ৪৬ কেজি গাঁজাসহ মিলি আক্তার (২৬) নামে এক নারীকে আটক করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ৪৬ কেজি গাঁজাসহ মিলি আক্তার (২৬) নামে এক নারীকে আটক করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
ফতুল্লা মডেল থানার পিলকুনী কলাবাগান পাঠাগার গলির পলাশের বাড়িতে মঙ্গলবার রাত ১০টার দিকে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, ‘ক’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেনের নেতৃত্বে এবং ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মিলন ফকিরসহ পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে। এ সময় বাড়িটির একটি কক্ষ থেকে ৪৬ কেজি গাঁজা জব্দ করা হয়।
আটক মিলি আক্তার ফরিদপুরের ভাঙ্গা থানার মালি গ্রামের সেলিম হোসেনের মেয়ে। তিনি পিলকুনী কলাবাগান পাঠাগার গলির পলাশের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলি আক্তার নিজ বসতঘরে গাঁজা রাখার কথা স্বীকার করেছেন। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।