× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদকবিরোধী অভিযানের আড়ালে ‘বাণিজ্য’, প্রশ্নের মুখে ডিবির ভূমিকা

অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ ১৩:২২ পিএম

ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দেশব্যাপী মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযান চলছে। তবে ঝিনাইদহে এসব অভিযান নিয়ে উঠেছে নানা প্রশ্ন। অভিযোগ রয়েছে, মাদকবিরোধী অভিযানের নামে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কিছু সদস্য আটক, মামলা ও ছাড় দেওয়ার ক্ষেত্রে আর্থিক লেনদেনে জড়িয়ে পড়েছেন। একই সঙ্গে চিহ্নিত কয়েকজন মাদক কারবারি নিয়মিত মাদক ব্যবসা চালিয়ে গেলেও তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না- এমন অভিযোগও করেছেন স্থানীয় একাধিক সূত্র।

তবে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, মাদকের সঙ্গে কোনো পুলিশ সদস্যের সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হলে কাউকে ছাড় দেওয়া হবে না।

স্থানীয় একাধিক সূত্রের দাবি, মাদকবিরোধী অভিযান পরিচালনার আগেই কোনো কোনো এলাকায় অভিযানের খবর মাদক কারবারিদের কাছে পৌঁছে যায়। ফলে অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক সময় মূল হোতাদের না পেয়ে ছোট বিক্রেতা, বহনকারী কিংবা মাদকসেবীদের আটক করে। পরে ডোপ টেস্ট ও সামারি ট্রায়ালের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও মূল কারবারিরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে।

অভিযোগ রয়েছে, কোনো কোনো ক্ষেত্রে মাদকসহ আটক ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে অর্থের বিনিময়ে বিষয়টি ‘ম্যানেজ’ করার চেষ্টা করা হয়। আবার মামলা হওয়ার পরও সহযোগিতার আশ্বাস দিয়ে কারও কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের কারণে মাদকবিরোধী অভিযানের কার্যকারিতা ও নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

অনুসন্ধানে স্থানীয় বিভিন্ন সূত্রের মাধ্যমে ডিবির উপপরিদর্শক রাকিবুল ইসলাম রাকিব, উপপরিদর্শক মারুফ হাসান, উপপরিদর্শক মো. মুরাদ হোসেন এবং কনস্টেবল সামিরুল ইসলামের বিরুদ্ধে মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশ ও আর্থিক লেনদেনের অভিযোগ পাওয়া গেছে।

সূত্রগুলোর দাবি, দীর্ঘদিন ঝিনাইদহে কর্মরত থাকার সুবাদে উপপরিদর্শক রাকিবুল ইসলাম রাকিবের সঙ্গে জেলার কয়েকজন চিহ্নিত মাদক কারবারির ঘনিষ্ঠতা তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে, ডোপ টেস্ট ও মামলার ভয় দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আদায় করা হয়।


স্থানীয় সূত্রের অভিযোগ, সদর উপজেলার ডাকবাংলা এলাকার কোরবান আলীকে ইয়াবাসহ আটকের পর ৪৫ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়। একইভাবে কালীগঞ্জ পৌর এলাকার আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সদস্য প্রসেনজিতকে দেড় লাখ টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগও রয়েছে। 

এ ছাড়া জেলা শহরের কাঞ্চননগর ও মর্ডান মোড় এলাকার কয়েকজন মাদক কারবারির সঙ্গে ওই কর্মকর্তার বিশেষ সখ্যতার অভিযোগ রয়েছে। তাদের মধ্যে রবিউল ইসলাম রবির ছেলে সানি, সবুজ মিস্ত্রির ছেলে রাজিব, আব্দুল লতিফের ছেলে কাজল এবং মজিবর ড্রাইভারের ছেলে এরশাদের নাম স্থানীয় সূত্রগুলো উল্লেখ করেছে। অভিযোগ রয়েছে, এই যোগাযোগের কারণে তারা নির্বিঘ্নে মাদক সরবরাহ করে আসছেন।

পুলিশের চাকরিতে নির্দিষ্ট সময় পরপর বদলির বিধান থাকলেও উপপরিদর্শক মারুফ হাসান পাঁচ বছরের বেশি সময় ধরে ঝিনাইদহে কর্মরত রয়েছেন বলে জানা গেছে। ডিবিতে যোগ দেওয়ার আগে তিনি সদর থানায় কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রের দাবি, চাকরির শুরুর দিকে কয়েকটি আলোচিত অভিযান পরিচালনা করলেও বর্তমানে জেলার কিছু মাদক কারবারির সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে, কনস্টেবল সামিরুল ইসলামকে সঙ্গে নিয়ে সদর উপজেলার মাদকপ্রবণ হিসেবে পরিচিত চাপড়ি এলাকার অপু খন্দকার, পাইলট, আবু রায়হান এবং ইস্তেফাপুর এলাকার মো. আব্দুল কুদ্দুসকে অর্থের বিনিময়ে মাদক ব্যবসার সুযোগ করে দেওয়া হচ্ছে।

এ কাজে ‘তারিক’ নামে স্থানীয় এক ব্যক্তিকে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেছে সূত্র। তবে এসব অভিযোগের পক্ষে কোনো নথি বা প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি।

উপপরিদর্শক মো. মুরাদ হোসেনের বিরুদ্ধেও উঠেছে গুরুতর অভিযোগ। স্থানীয় সূত্রগুলোর দাবি, কর্তৃপক্ষকে না জানিয়ে তিনি নিয়মিত পার্শ্ববর্তী জেলা মাগুরায় যাতায়াত করেন। অভিযোগ রয়েছে, সেখানে মাদক কারবারিদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে ইয়াবার চালান সংগ্রহ করে কৌশলে ঝিনাইদহ শহর ও আশপাশের এলাকায় পৌঁছে দেওয়া হয়।

অভিযোগ তুললে ‘মামলায় ফাঁসানোর’ হুমকির অভিযোগ

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত পুলিশ সদস্যদের কাছে জানতে চাইলে তারা সাংবাদিকদের নিয়ে নানা ধরণের মন্তব্য করেন। এমনকি বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখান।

জেলা সচেতন নাগরিক কমিটির প্রতিনিধি আনোয়ারুজ্জামান আজাদ বলেন, “শুধু ছোট কারবারি বা মাদক বহনকারীদের আটক করে মাদক নির্মূল সম্ভব নয়। মাদকের অর্থের উৎস, সরবরাহকারী ও মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। তাহলেই মাদকবিরোধী অভিযান নিয়ে মানুষের আস্থা ফিরবে এবং অভিযানের আড়ালে বাণিজ্যের অভিযোগেরও অবসান ঘটবে”।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ শরিফুল ইসলাম বলেন, “আমি এখানে বেশিদিন যোগদান করি নাই। অনেক সদস্যদের কর্মকাণ্ড সম্পর্কে আমার জানা নেই। ডিবির কোনো সদস্য কোনো ধরনের মাদকের সাথে জড়িত থাকলে তাদের ব্যবস্থা গ্রহণ করা হবে”।

ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান বলেন, “মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অবলম্বন করছি। যে সব পুলিশ সদস্য মাদক বিরোধী অভিযানের নামে অপকর্মে জড়িয়ে পড়ছে, তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে বিন্দুমাত্র ছাড় মাত্র দেওয়ো হবে না”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা