× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকায় ১২০০ চাঁদাবাজের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান

তানভীর হাসান

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ ০৮:৫৪ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

রাজধানীতে একের পর এক চাঁদাবাজি ও দখলের ঘটনায় যুক্ত ১২০০ অপরাধীর বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এরই মধ্যে গ্রেপ্তার হয়েছে ৮৪ জন। বাকিদের গ্রেপ্তারে চলমান রয়েছে অভিযান। এরই মধ্যে অভিযানের খবর পেয়ে অনেকে গা-ঢাকা দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সম্প্রতি ঢাকায় ঘটে যাওয়া বেশকিছু চাঁদাবাজি ও দখলের ঘটনায় সরকার অস্বস্তিতে পড়ার পর গোয়েন্দা সংস্থার তালিকা ধরে এই অভিযান শুরু হয়েছে। তালিকায় থাকা ১২০০ জনের মধ্যে সরকারদলীয় রাজনীতিতে সরাসরি জড়িত ১৮১ জন।

এর মধ্যে দুই মহানগরীর ৯৪ জন মূল দলের সাবেক ও বর্তমান, ৪৪ জন যুবদল ও ২৬ জন ছাত্রদলের পদধারী নেতা বলে উল্লেখ করা হয়েছে গোয়েন্দা প্রতিবেদনে। বাকিরা বিএনপির অন্য অঙ্গ সংগঠনের। এদের একটি অংশ নব্য বিএনপি বলেও তদন্তে উঠে এসেছে। এমন পরিস্থিতিতে সরকারের ইমেজ ধরে রাখতে এসব নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাদের আইনের আওতায় আনতেই অভিযানের উদ্যোগ। একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে এ তথ্য। তবে তদন্ত ও গ্রেপ্তারের স্বার্থে এখনই তালিকায় থাকা অপরাধীদের নাম প্রকাশ করতে রাজি হননি দায়িত্বপ্রাপ্তরা।

জানতে চাইলে আইজিপি আলী হোসেন ফকির প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “অপরাধী যে দলেরই হোক তার প্রথম পরিচয় সে অপরাধী। এ কারণে দলমত নির্বিশেষে অপরাধীদের আইনের আওতায় আনতে এরই মধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। সে অনুযায়ী কাজ শুরু করেছে পুলিশের সব ইউনিট। যার সুফল পেতে শুরু করেছে দেশবাসী”।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই রাজধানীতে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দখল ও চাঁদাবাজির অভিযোগ উঠতে থাকে। বিশেষ করে মহানগর বিএনপির নেতাকর্মীরা বেশি সরকারদলীয় ওয়ার্ড, থানা ও মহানগরীর নেতাকর্মীই বেশি বেপরোয়া হয়ে ওঠেন। এর সুযোগ নিতে থাকেন বিরোধী শিবিরের অনেকে। এমন পরিস্থিতিতে মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি ভেঙে গঠন করা হয় নতুন কমিটি। তারপরও অভিযোগের মাত্রা কোনোভাবেই কমেনি। বিশেষ করে কারওয়ানবাজার, মোহাম্মদপুর, মিরপুর, উত্তরা, পুরান ঢাকা ও যাত্রাবাড়ী এলাকার অভিযোগ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এর মধ্যে কারওয়ানবাজারে চাঁদাবাজির প্রতিবাদ করায় খুন হতে হয় স্বেচ্ছাসেবক দলের মহানগরীর সাবেক নেতা মোছাব্বিরকে। চাঁদার দাবিতে পুরান ঢাকায় পাথর মেরে হত্যা করা হয় ব্যবসায়ী সোহাগকে। এ ঘটনায় ইসহাক সরকারের নাম আসার পর তাকে বিএনপির পক্ষ থেকে এমপি মনোনয়ন না দেওয়ায় তিনি স্বতন্ত্র নির্বাচন করে হেরে যান। পরে যোগ দেন এনসিপিতে। এখনও পুরান ঢাকা এলাকায় তার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে।

একই সঙ্গে কারওয়ানবাজার, ইস্কাটন, মতিঝিল ও মোহাম্মদপুর এলাকার দখল ও চাঁদাবাজিতে বর্তমান মহানগর দক্ষিণ যুবদলের একজন প্রভাশালী নেতার নাম সবার মুখে মুখে। ৫ আগস্টের পর তার বিরুদ্ধে একটি টেলিভিশন ও ব্যাংক দখল চেষ্টার অভিযোগ রয়েছে। পাশাপাশি ওই নেতার নামে কমিটি বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে। তিনি চড়েন দামি গাড়িতে। বসবাস করেন বিলাসবহুল ফ্ল্যাটে।


একইভাবে যাত্রবাড়ী ও সায়েদাবাদ এলাকায় পরিবহন ব্যবসায়ীদের কাছ থেকে মাসোহারা আদায়ের অভিযোগ রয়েছে বিএনপির পরাজিত একজন এমপি প্রার্থীর লোকজনের বিরুদ্ধে। তার বিষয়েও গোয়েন্দা প্রতিবেদনে বিস্তারিত তুলে ধরা হয়েছে। একই সঙ্গে ওই এলাকারই সাবেক এক এমপির ছেলে যিনি নিজেও এমপি নির্বাচন করে পরাজিত হয়েছেন, তার নামেও নানা ধরনের অভিযোগ স্থানীয়দের। তরুণ এ নেতা বর্তমানে ঢাকা দক্ষিণ বিএনপির কমিটিতে রয়েছেন। তাদের অনুসারীরাই মূলত মাঠপর্যায়ে চাঁদাবাজিতে জড়িত।

সব জেনেও তাদের অনুসারীদের বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়ায় সরকারের ভাবমূর্তি সংকটে পড়তে যাচ্ছে বলে দাবি করেছেন ক্লিন ইমেজের রাজনীতিবিদরা। অভিযোগ রয়েছে মাঠপর্যায়ের চাঁদার একটি বড় অংশই যায় ওইসব নেতার পকেটে। এ কারণে অনুসারীদের বিষয়ে চুপ থাকেন তারা। এমনকি প্রশাসন কোনো ব্যবস্থা নিতে গেলেও বাধা দেওয়া হয়।

একইভাবে মোহাম্মদপুর এলাকায় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের অন্তত এক ডজন নেতার বিরুদ্ধে প্রকাশ্যে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। সেখানকার অনেক নেতাকে ৫ আগস্টের পর বহিষ্কার করা হলেও জাতীয় নির্বাচনের আগে আবার দলে ফিরিয়ে নেওয়া হয়। সরকার গঠনের পর তারা আরও বেপরোয়া হয়ে ওঠে। ওই এলাকায় দুই প্রভাবশালী নেতার ছত্রছায়ায় এসব অপকর্ম করলেও এখন পর্যন্ত তাদের বিষয়ে জোরালো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

এদিকে মিরপুরের ডন হিসেবে সবার মুখে মুখে রয়েছে সদ্য বিলুপ্ত মহানগর উত্তর বিএনপির এক প্রভাবশালী নেতার নাম। তিনি আবার সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বেও রয়েছেন। তার অনুসারীরাই বৃহত্তর মিরপুর ও গাবতলী এলাকায় চাঁদা ও দখলবাজি চালিয়ে যাচ্ছেন। এসবের প্রতিবাদ করায় খুন হতে হয় পল্লবী থানা যুবদল নেতা কিবরিয়াকে। এ কারণে এখন আর কেউ এসব বিষয়ে মুখ খুলতে চান না। মহানগর উত্তরের বিলুপ্ত কমিটির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, রাড্ডার ঘটনার সবই জানতেন ওই নেতা। ভাঙচুরে নেতৃত্বদানকারী সবাই তার অনুসারী। এ কারণে মিরপুরের সব অঙ্গ সংগঠনের কমিটি তাৎক্ষণিক বিলুপ্ত করা হয়।

এদিকে চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি শাহিনুর আলম মারফতকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১। ৪ অক্টোরব দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে শাহিনুর আলমকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নেয়ামুল হালিম খান বলেন, শাহিনুর আলম তালিকাভুক্ত চাঁদাবাজ। শাহিনুর আলম ও তার সহযোগীদের বিরুদ্ধে খিলক্ষেত বাজার রেলগেট, বারুয়া, মাস্তুল, তালনা ও আশপাশের এলাকার অটোরিকশার গ্যারেজ থেকে চাঁদা আদায়ের অভিযোগ প্রমাণিত। শাহিনুরের নেতৃত্বাধীন চক্রটি প্রতিটি অটোরিকশা থেকে মাসে ৬০০ টাকা চাঁদা আদায় করত। এছাড়াও প্রায় ২০ বছর আগে খিলক্ষেত এলাকার রেলওয়ের একটি ইজারা দেওয়া জমি দখল করে সেটিকে ওয়েলফেয়ার সোসাইটির নামে ব্যবহারের উদ্যোগ নেওয়ার অভিযোগ রয়েছে।

এ ছাড়াও ১ অক্টোবর রাজধানীর বাংলামোটরে ৫০ হাজার টাকা চাঁদা দাবির পর মারধর ও গুলি ছোড়ার অভিযোগে করা মামলায় যুবদলের বহিষ্কৃত নেতা ফেরদৌস আহমেদ সাইমনসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাইমন ৫ আগস্টের পর হাতিরঝিল থানা যুবদলের আহ্বায়ক হন। নানা অপকর্মের কারণে তাকে জাতীয় নির্বাচনের পর বহিষ্কার করা হয়। এ কারণে তিনি সম্প্রতি আরও বেপরোয়া হয়ে ওঠেন। সাইমন মহানগর দক্ষিণ যুবদলের প্রভাবশালী এক নেতার অনুসারী বলে অনেকে দাবি করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা