বরিশাল নগরের রসুলপুর বরফকল এলাকায় পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৯০ কেজি গাঁজাসহ রাহুল হাওলাদার নামে একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বরিশাল নগরের রসুলপুর বরফকল এলাকায় পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৯০ কেজি গাঁজাসহ রাহুল হাওলাদার নামে একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়।
নগরের কোতোয়ালি মডেল থানার ৯ নম্বর ওয়ার্ডের রসুলপুর বরফকলের সামনে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে রাত দেড়টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
ডিএনসি বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় ডিএনসির একটি দল। এ সময় পিকআপ ভ্যানের পাশে থাকা তিনজন পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। ধাওয়া করে রাহুল হাওলাদারকে আটক করা হয়। পরে পিকআপটিতে তল্লাশি চালিয়ে পেছনের ঢালাইয়ের ভেতরে বিশেষভাবে তৈরি একটি গোপন চেম্বারের সন্ধান পাওয়া যায়।
ওই চেম্বার থেকে স্কচটেপে মোড়ানো ৩০টি পলিথিনের পোটলা উদ্ধার করা হয়। প্রতিটি পোটলায় তিন কেজি করে গাঁজা ছিল। পরে সব পোটলা থেকে মোট ৯০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ছাড়া পিকআপের চালকের ড্রাইভিং লাইসেন্সের আবেদনের একটি কপিও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে ডিএনসি।
গ্রেপ্তার রাহুল হাওলাদার বরিশাল নগরের ৬ নম্বর ওয়ার্ডের কলাপট্টি এলাকার বাসিন্দা। এ ঘটনায় পলাতক দুজন হলেন মো. সিরাজ মিয়া (৩৭) ও মো. পলাশ হাওলাদার (৪২)।
বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ খোরশিদ আলম বলেন, “গাঁজা পরিবহনের জন্য পিকআপটির পেছনে বিশেষ কায়দায় গোপন চেম্বার তৈরি করা হয়েছিল। পলাতক দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”