× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানিকগঞ্জে ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে হত্যাচেষ্টার অভিযোগ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪:১৫ পিএম

মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের উপ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক বশির। ফাইল ছবি

মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের উপ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক বশির। ফাইল ছবি

মানিকগঞ্জে নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের উপ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক বশিরকে হত্যার উদ্দেশ্যে দুই হাত ও দুই পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে।

জেলার সদর উপজেলায় রবিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। 

আহত বশির মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের পালোরার চর গ্রামের মনির হোসেনের ছেলে। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বশিরের বাবা মনির হোসেন জানান, তার ছেলে ছাত্রলীগ করে কিনা তা জানা নেই। তবে সে নিজে বিএনপির একজন সমর্থক এবং তার বড় ছেলে রবিউল ইসলাম জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

রবিবার রাতে সদর উপজেলার পশ্চিম গুজুরী গ্রামের আকাশ তার ছেলে বশিরকে ডেকে নিয়ে যায়। এরপর বেতিলা মেঘবাড়ি রেস্টুরেন্টে বসে তারা আড্ডা দেয়। রাতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আহত অবস্থায় ছেলেকে উদ্ধার করা হয়।

মনির হোসেনের ভাষ্য, তার ছেলে বশিরকে আকাশ (২১), তুহিন (২২), আরিফ (২২) ও তানজিদসহ অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জন মিলে পূর্বশত্রুতার জের ধরে সিংগাইর উপজেলার ডেফলতলী এলাকায় একটি ইটভাটায় নিয়ে গিয়ে হত্যার উদ্দেশ্যে দুই পা ও দুই হাতের রগ কেটে দেয়।

তিনি বলেন, “প্রথমে বশিরকে রাতেই মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে”।

এ ঘটনায় সোমবার সন্ধ্যায় চারজনের নামসহ অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনের নামে একটি মামলা করেছেন বশিরের বাবা।

বশিরকে রাজনৈতিক কারণে হাত-পায়ের রগ কাটা হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে মনির হোসেন বলেন, “আমার ছেলে বশির মাদরাসায় পড়াশুনা করতো। কিন্তু ২০২১ থেকে পড়াশুনা বাদ দিয়ে বাড়িতে রয়েছে। আমার ছেলের নাম জেলা ছাত্রলীগে আছে এটা আগে জানতাম না। রাজনৈতিক কারণে আমার ছেলেকে মারা হয়নি। আকাশ, আরিফদের সাথে পূর্ব শত্রুতার বিরোধের জের ধরে বশিরকে মারা হয়েছে”।

এদিকে রবিবার মধ্যরাতের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে জেলা ছাত্রলীগ। সোমবার দুপুরে নিষিদ্ধ সংগঠনটির জেলা সভাপতি এম এ সিফাদ কোরাইশী ও সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, “বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা বশিরের ওপর নৃশংস হামলা চালিয়ে তাদের সংগঠনের উপ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক বশিরকে দুই হাত ও দুই পায়ের রগ কেটে দিয়েছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলাকারীদের ছবি প্রকাশ করেছে। সময় সুযোগ হলে এদের দেখে নেওয়ার কথা বলা হয়েছে”।

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে জেলা ছাত্রদল।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ বলেন, “ওই ছেলের বন্ধুরাই তাকে কুপিয়েছে। মধ্যরাতে ইটভাটায় ওই ছেলে কাদের সঙ্গে গেছে? ওদের মধ্যে মাদকের টাকা ভাগাভাগি নিয়ে ঝামেলা থাকতে পারে। সে ঘটনায় কুপিয়েছে বলে শুনেছি। এখানে ছাত্রদল বা বিএনপির অঙ্গ সংগঠনের নাম জড়িয়ে গুজব ছড়াচ্ছে নিষিদ্ধ সংগঠন। বশিরের হাত পায়ের রগ কাটার সাথে ছাত্রদলের কেউ জড়িত নয়। এর আগে শহীদ মিনারে একজনের আত্মহত্যা নিয়েও গুজব ছড়িয়েছে নিষিদ্ধ সংগঠন”।

এ বিষয়ে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম বলেন, “বশির নামে এক যুবককে হাত পায়ের রগ কেটে দিয়েছে। তারা সবাই বশিরের পরিচিত ও বন্ধু। বশির এদের সাথেই চলাফেরা করে। এই ঘটনায় বশিরের বাবা বাদি হয়ে সোমবার সন্ধ্যার দিকে একটি মামলা করেছেন। পুলিশ গুরুত্ব দিয়ে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা