প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ২১:৩৮ পিএম
সোমবার রাজধানীর ঢাকা মেট্রোপলিটন পুলিশ (উত্তর) পিবিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিআইজি মো. এনায়েত হোসেন মান্নান। ছবি: সংগৃহীত
কম্বোডিয়াভিত্তিক একটি আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বাংলাদেশি তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
সংস্থাটি জানায়, বিমানের টিকিট কম দামে কিনে বেশি দামে বিক্রির ভুয়া প্রলোভন ও বিনিয়োগের নামে রাজধানীর এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার ৩৪ লাখ ৫৪ হাজার ২৮৬ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—কম্বোডিয়াফেরত চক্রের অন্যতম মূলহোতা মো. মেহেদী হাসান ওরফে সোহাগ, তার সহযোগী আবুল হাসান ওরফে নাঈম এবং সুমাইয়া খাতুন ওরফে শান্তা। খুলনা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার রাজধানীর ঢাকা মেট্রোপলিটন পুলিশ (উত্তর) পিবিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত ডিআইজি মো. এনায়েত হোসেন মান্নান।
তিনি বলেন, মামলার বাদী এন সায়েম উদ্দিন আহমেদ নামে এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার সঙ্গে টেলিগ্রামের মাধ্যমে চক্রটির পরিচয় হয়। তারা নিজেদের ‘এয়ারপোর্ট ওয়ার্কিং গ্রুপ’-এর প্রতিনিধি হিসেবে পরিচয় দেয় এবং বিমানের আন্ডাররেটেড টিকিট ১ থেকে ৫ স্টার রেটিং দিয়ে মূল্যায়নের পর বেশি দামে বিক্রি করে অধিক মুনাফার প্রলোভন দেখায়।
তিনি আরও বলেন, প্রতারকদের প্রলোভনে পড়ে গত বছরের সেপ্টেম্বরে প্রথম বিনিয়োগ শুরু করেন ভুক্তভোগী। শুরুতে ৮ লাখ ৬৯ হাজার ৬৫১ টাকা জমা দিলে লাভসহ ১১ লাখ ৬৯ হাজার ২৫০ টাকা দেওয়ার কথা বলা হয়। তবে সেই টাকা তুলতে গেলে নিয়মকানুন, সিকিউরিটি মানি, ভিআইপি চ্যানেল খোলা এবং বাংলাদেশ ব্যাংকের ‘কেওয়াইসি ক্লিয়ারেন্স’-এর অজুহাতে ধাপে ধাপে আরও লাখ লাখ টাকা দাবি করা হয়। একপর্যায়ে ধাপে ধাপে মোট ৩৪ লাখ ৫৪ হাজার ২৮৬ টাকা বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ও বিকাশ নম্বরে পাঠিয়ে প্রতারিত হন তিনি। এ ঘটনায় গত ১৬ সেপ্টেম্বর রাজধানীর দারুস সালাম থানায় একটি মামলা করেন ভুক্তভোগী। এর পরদিন থেকে মামলার তদন্ত শুরু করে পিবিআই। পরে বিভিন্ন স্থান থেকে তিনজন আসামিকে গ্রেপ্তার করে।
এ সময় তাদের থেকে বিভিন্ন ব্যাংকের এটিএম ও ডেবিট কার্ড, টাকা লেনদেনের রসিদের কপি, টেলিগ্রাম গ্রুপ ও ভুয়া সদস্যদের তথ্যসংবলিত স্ক্রিনশট, ব্যাংক হিসাবের লেনদেন বিবরণী, পাসপোর্টের কপি, কথোপকথনের সিডিআর এবং বিভিন্ন ছবি-ভিডিও উদ্ধার করা হয়।
পিবিআইয়ের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্যে জানা গেছে, অনলাইন প্রতারণার মাধ্যমে সংগ্রহ করা অর্থ দেশের বাইরে কম্বোডিয়ায় পাঠানো হতো। কম্বোডিয়াভিত্তিক একটি চক্র বাংলাদেশিদের ব্যবহার করে দেশে অনলাইন প্রতারণার ফাঁদ তৈরি করত।
গ্রেপ্তারকৃত আসামিরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পিবিআই। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, কম্বোডিয়ায় প্রতারণার জন্য একাধিক দল রয়েছে। এসব দলে নারী ও পুরুষ উভয়েই কাজ করেন।