প্রতীকী ছবি
অপরাধপ্রবণ জেলা হিসেবে পরিচিত ঝিনাইদহে চলতি বছরের জানুয়ারি থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত আট মাসে ২৩টি হত্যাকাণ্ড ও ৩২টি ধর্ষণের ঘটনা ঘটেছে।
একই সময়ে জেলার বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, মারামারি, মাদক ব্যবসা, অস্ত্র ও ডাকাতিসহ নানা অপরাধ সংঘটিত হয়েছে।
একের পর এক হত্যা ও ধর্ষণের ঘটনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে।
সংশ্লিষ্টরা বলছেন, অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
স্থানীয়দের ভাষ্য, পারিবারিক ও জমিজমা-সংক্রান্ত বিরোধ, রাজনৈতিক ও সামাজিক দ্বন্দ্ব, আধিপত্য বিস্তার, পূর্বশত্রুতা এবং মাদককে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় সংঘাতের ঘটনা ঘটছে।
এসব বিরোধ অনেক সময় হত্যাকাণ্ডে গড়াচ্ছে। একই সঙ্গে নারী ও কিশোরীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে বলেও মনে করছেন তারা।
পুলিশের তথ্য অনুযায়ী, ৭ সেপ্টেম্বর পর্যন্ত জেলার ছয় উপজেলায় হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ২৩ জন।
এর মধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় ৯ জন, শৈলকুপায় ৪, কালীগঞ্জে ২, হরিণাকুণ্ডুতে ৩, কোটচাঁদপুরে ২ এবং মহেশপুরে ৩ জন।
পুলিশের হিসাবমতে, একই সময়ে ছয় উপজেলায় শিশু, কিশোরী ও নারীসহ ৩২ জন ধর্ষণের শিকার হয়েছেন।
সচেতন মহলের প্রতিনিধিরা বলছেন, বিভিন্ন এলাকায় সন্ধ্যার পর সাধারণ মানুষের চলাচলে নিরাপত্তাহীনতা তৈরি হয়। বিশেষ করে নারী ও কিশোরীরা নানা ধরনের হয়রানির আশঙ্কায় থাকেন। অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমান ও দ্রুত ব্যবস্থা নেওয়া হলে অপরাধের প্রবণতা কমানো সম্ভব বলে মনে করেন তারা।
অপরাধ বিশ্লেষক মো. লিয়াকত হোসেন বলেন, “শুধু ঘটনার পর আসামি গ্রেপ্তার করলেই অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়। অপরাধের কারণ চিহ্নিত করে তা প্রতিরোধে দীর্ঘমেয়াদি উদ্যোগ নেওয়া প্রয়োজন।”
“পারিবারিক ও সামাজিক বিরোধ দ্রুত মীমাংসা, মাদক নিয়ন্ত্রণ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকানো এবং নারীর নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা জরুরি। নইলে এসব অপরাধ কমানো সম্ভব নয়”, বলেন তিনি।
তিনি আরও বলেন, “অপরাধ সংঘটনের পর দ্রুত আসামি শনাক্ত ও গ্রেপ্তার করা যেমন জরুরি, তেমনি মামলার তদন্ত কার্যক্রম নির্ধারিত সময়ে শেষ করে আদালতে অভিযোগপত্র দেওয়া প্রয়োজন।”
“একই সঙ্গে অপরাধপ্রবণ এলাকাগুলোতে প্রশাসনের নিয়মিত টহল জোরদার, মাদক নিয়ন্ত্রণ এবং সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া দরকার। তা না হলে সকল অর্জন ম্লান হয়ে যেতে পারে” বলেও মনে করেন তিনি।
ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিষ বিন্ হাছান বলেন, “অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। হত্যা, ধর্ষণ, মাদক, অস্ত্র ও অন্যান্য অপরাধের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে।”
পুলিশের সক্রিয়তার কারণে তবে আগের তুলনায় জেলায় অপরাধের মাত্রা কিছুটা কমে এসেছে বলেও দাবি করেন তিনি।
পুলিশ সুপার বলেন, “অপরাধ দমনে পুলিশের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিসহ ও সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন। সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে অপরাধ আরও কমে আসবে।”
আট মাসে ২৩টি হত্যাকাণ্ড ও ৩২টি ধর্ষণের ঘটনায় ঝিনাইদহের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এসব অপরাধের সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার এবং অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ এখন সাধারণ মানুষের প্রত্যাশা।