বিশেষ প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৩৭ পিএম
পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক মো. মনিরুল ইসলাম। ছবি: সংগৃহীত
স্থাবর ও অস্থাবর সম্পদের গরমিলের প্রমাণ পাওয়ায় পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক মো. মনিরুল ইসলাম ও তার স্ত্রী জাকিয়া পারভীনের বিরুদ্ধে পৃথক সম্পদ বিবরণী তলব করে নোটিশ জারির সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের প্রধান কার্যালয় থেকে বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। অনুসন্ধান কর্মকর্তা সহকারী পরিচালক পিয়াস পালের দাখিল করা প্রতিবেদনের আলোকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম।
দুদকের অনুসন্ধানে তাদের নামে প্রায় ৩ কোটি টাকার অর্জিত স্থাবর-অস্থাবর সম্পদ, পারিবারিক ব্যয় ও গ্রহণযোগ্য আয়ের বিস্তারিত হিসাব বিবরণী উঠে এসেছে বলে জানা গেছে।
অনুসন্ধান প্রতিবেদন সূত্রে জানা যায়, সাবেক পুলিশ অফিসার মনিরুল ইসলামের বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে ১ কোটি ৯৬ লাখ ৯৩ হাজার ২২৫ টাকার সম্পদের তথ্য মেলে। এর মধ্যে স্থাবর সম্পদ ৬৩ লাখ ৫৮ হাজার ৭৫০ টাকা এবং অস্থাবর সম্পদ ১ কোটি ৩৩ লাখ ৩৪ হাজার ৪৭৫ টাকা।
অর্জিত এই সম্পদের পাশাপাশি তার পারিবারিক ও জীবনযাত্রার ব্যয় পাওয়া গেছে ৪০ লাখ ৭৮ হাজার ১২৮ টাকা। ফলে ব্যয়সহ তার অর্জিত ও ভোগ করা মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ২ কোটি ৩৭ লাখ ৭১ হাজার ৩৫৩ টাকা।
অনুসন্ধানে তার গ্রহণযোগ্য বা বৈধ আয়ের সন্ধান পাওয়া গেছে ২ কোটি ৩১ লাখ ৯১ হাজার ৯৮০ টাকার। ফলে ৫ লাখ ৭৯ হাজার ৩৭৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদের প্রমাণ পাওয়া যায়।
অন্যদিকে মনিরুল ইসলামের স্ত্রী জাকিয়া পারভীনের নামে অনুসন্ধানে স্থাবর ও অস্থাবর মিলিয়ে মোট ৩৮ লাখ ৮ হাজার ৫০০ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ১০ লাখ ২৮ হাজার ৫০০ টাকার স্থাবর এবং ২৭ লাখ ৮০ হাজার টাকার অস্থাবর সম্পদ রয়েছে।
অর্জিত সম্পদের বাইরে তার পারিবারিক ও অন্যান্য ব্যয়ের হিসাব পাওয়া গেছে ৭ লাখ ১৭ হাজার ৫০০ টাকা। ফলে ব্যয়সহ তার মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৪৫ লাখ ২৬ হাজার টাকা। তবে বৈধ আয়ের প্রমাণ মেলে মাত্র ১২ লাখ ৪০ হাজার টাকার। ৩২ লাখ ৮৬ হাজার টাকার সম্পদই আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ও অবৈধ বলে প্রমাণিত হয়েছে দুদকের অনুসন্ধানে।
যে কারণে উভয়ের অর্জিত সম্পদ ও পারিবারিক জীবনযাত্রার ব্যয় এবং নিজ নিজ গ্রহণযোগ্য আয়ের উৎস খতিয়ে দেখতে তাদের বিরুদ্ধে পৃথক দুটি নোটিশ জারি করে সম্পদ বিবরণী দাখিলের আদেশ অনুমোদন করে সংস্থাটি।