৫০ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
টেকনাফ থানাধীন ডেইলপাড়া এলাকায় মঙ্গলবার বিকালে এ অভিযান চালানো হয়।
এরপর বুধবার সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল ডেইলপাড়া এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালায়।
তল্লাশির সময় প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা, নগদ ২ হাজার ২০০ টাকা ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ সময় তিন মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয় বলেও জানান তিনি।
কোস্ট গার্ড সূত্র জানায়, জব্দ করা আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, মাদকের মতো ভয়াবহ সামাজিক ব্যাধির বিস্তার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে অব্যাহত থাকবে।