নিজ ঘরে নিহত যুবলীগ নেতা আনোয়ার হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কুমিল্লার বাঙ্গরা উপজেলার পেন্নাই গ্রামে নিজ ঘরে হামলায় নিহত হয়েছেন দীর্ঘদিন পলাতক ইউপি সদস্য ও যুবলীগ নেতা আনোয়ার হোসেন (৪৫)। স্বামীকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন স্ত্রী মোমেনা বেগম।
কুমিল্লার শ্রীকাইল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর পেন্নাই দক্ষিণপাড়ায় শনিবার রাত আনুমানিক ২টায় এই ঘটনা ঘটে।
পরিবারের অভিযোগ, চাঁদা না পেয়ে আওয়ামী লীগের জাহাঙ্গীর গ্রুপের নেতারা তাকে হত্যা করেছে। পুলিশের প্রাথমিক ধারণা, হত্যার কারণ পূর্বশত্রুতা।
আনোয়ার পেন্নাই গ্রামের মৃত মনু মিয়ার ছেলে। তিনি ওই ওয়ার্ডের ইউপি সদস্য ও যুবলীগের সভাপতি ছিলেন।
পরিবার ও স্বজনদের দাবি, স্ত্রী ও ছোট সন্তানকে নিয়ে ঘুমানোর সময় দুর্বৃত্তরা দরজা ভেঙে ঢুকে আনোয়ারকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায় এবং হাত-পায়ের রগ কেটে দেয়। বাধা দিতে গেলে স্ত্রী মোমেনাকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।
চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আনোয়ার ও তার স্ত্রীকে হাসপাতালে নেওয়ার পথে আনোয়ার মারা যান। তার স্ত্রীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
নিহতের ভাই জালাল হোসেনের অভিযোগ, প্রায় তিন বছর ভাইকে এলাকায় ফেরানোর জন্য বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ করছিলেন তারা। স্থানীয় ফিরোজ মেম্বারের ছেলে আনোয়ার এবং একই এলাকার পিন্টু, হাসান ও জালাল মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। টাকা দিতে না পারায় পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মোমেনাও দীর্ঘদিন হুমকি ও চাঁদা দাবির অভিযোগ করেন। হামলাকারীদের কয়েকজনকে চিনেছেন বলে জানান তিনি।
আনোয়ারেরে জামাতা শফিকুল ইসলাম জানান, তার শ্বশুর যুবলীগ করতেন। দীর্ঘদিন বাইরে থাকলেও শাশুড়ি বাড়িতেই থাকেন। শনিবার রাতে বাড়ি এলে আওয়ামী লীগের জাহাঙ্গীর গ্রুপের নেতারা ১০ লাখ টাকা চাঁদার জন্য তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে।
স্থানীয়দের ভাষ্য, সাবেক সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুনের ঘনিষ্ঠ আনোয়ার তার প্রভাব দেখিয়ে জুলুম-নির্যাতন করত। চাঁদাবাজিসহ তার বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। অবৈধ ড্রেজার ও মাটি ব্যবসায়ও একক আধিপত্য ছিল। ২০২৩ সালে ড্রেজারের অভিযানে গেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) গাড়িতে আনোয়ার ও তার বাহিনী হামলা করে। রাজনৈতিক প্রভাবে তখন আইনের হাত থেকে বেঁচে যান তিনি।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিউল আলম বলেন, “রাত ২টার দিকে শ্রীকাইল ইউনিয়নের উত্তর পেন্নই দক্ষিণপাড়া এলাকায় ঘরে ঢুকে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় তার স্ত্রীও আহত হয়েছেন”।
২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম সরকার জেতার পর আনোয়ার এলাকা ছাড়েন। ৫ আগস্টের পর মধ্যরাতে ফেরার চেষ্টা করলেও নির্যাতিত এলাকাবাসীর প্রতিরোধে ফিরে যায়। শনিবারও এলাকাবাসী তার দলবলকে ধাওয়া দেয়।
উত্তর পেন্নাই গ্রামের বয়োজ্যেষ্ঠ লাক মিয়া বলেন, “জমি কেনা, বাড়ি করা কিংবা দোকান দিলেও চাঁদা দিতে হতো আনোয়ারকে। দলমত নির্বিশেষে সবাই নির্যাতিত ছিল”।