× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাশুক বিল্লাহ যেন ভূমির ‘স্বৈরাচার’

দীপক দেব

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৪০ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা ও আর্থিক অনিয়ম শনাক্ত করার মতো সংবেদনশীল দায়িত্ব হলো নিরীক্ষা বা অডিট কার্যক্রম। অথচ এই অডিটের দায়িত্ব বণ্টন নিয়েই এখন বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে ভূমির হিসাব নিয়ন্ত্রক (রাজস্ব) দপ্তরে। অভিযোগ উঠেছে, দপ্তরের হিসাব নিয়ন্ত্রক মাশুক বিল্লাহ আরেফ খান নিয়মনীতির তোয়াক্কা না করে সম্পূর্ণ স্বেচ্ছাচারীভাবে প্রশাসনিক কর্মকাণ্ড চালাচ্ছেন। পছন্দের কর্মকর্তাদের অডিটে পাঠিয়ে আর্থিক সুবিধা আদায়ের চেষ্টার মতো গুরুতর অভিযোগ জমা পড়েছে ভূমি মন্ত্রণালয়ে।

এসব অভিযোগ আমলে নিয়ে ইতোমধ্যে ভূমি মন্ত্রণালয় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। ৭ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আখতার হোসেনকে আহ্বায়ক করে গঠিত এই কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আগামী ১৩ সেপ্টেম্বর অভিযুক্ত হিসাব নিয়ন্ত্রককে শুনানির জন্য তলব করেছে কমিটি।

এ বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘অভিযোগগুলো আমরা গুরুত্বের সঙ্গে আমলে নিয়েছি। একজন যুগ্ম সচিবের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন পেলেই আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে তার আগে কোনো ধরনের মন্তব্য করা সমীচীন হবে না।’

অনুমোদন ছাড়াই দায়িত্ব বণ্টন ও পছন্দের প্রাধান্য

নিয়ম অনুযায়ী জেলা প্রশাসকের কার্যালয়ে অডিটের দায়িত্ব পালনের কথা হিসাব তত্ত্বাবধায়ক (রাজস্ব) পদমর্যাদার কর্মকর্তাদের। কিন্তু তার বদলে এক ধাপ ওপরের সহকারী হিসাব নিয়ন্ত্রক (রাজস্ব) পদমর্যাদার কর্মকর্তাদের দিয়ে ওই দায়িত্ব পালন করানো হচ্ছে। প্রথম শ্রেণির কোনো কর্মকর্তাকে নির্ধারিত দায়িত্বের বাইরে এ ধরনের কাজে পাঠাতে হলে মন্ত্রণালয়ের পূর্বানুমোদন আবশ্যক হলেও তা নেওয়া হয়নি।

মন্ত্রণালয়ে দেওয়া অভিযোগের নথিতে দেখা যায়, গত ৫ মে ঢাকা বিভাগের সহকারী হিসাব নিয়ন্ত্রক (রাজস্ব) আবুল কাশেমকে একটি অডিটের দায়িত্ব দেওয়া হয়। এর আগেও ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের অডিটে তাকে পাঠানো হয়েছিল। দক্ষতা যাচাইয়ের কোনো সুনির্দিষ্ট মানদণ্ড ছাড়াই বারবার নির্দিষ্ট কিছু কর্মকর্তাকে এমন সংবেদনশীল দায়িত্ব দেওয়ায় এর নেপথ্যে ব্যক্তিগত পছন্দ ও বিশেষ সুবিধা প্রাপ্তির অভিযোগ তুলেছেন সংশ্লিষ্টরা।

একজনের হাতেই একাধিক ও ভিন্ন জেলার অডিট

নথিপত্র ঘেঁটে দেখা যায়, ময়মনসিংহ বিভাগের সহকারী হিসাব নিয়ন্ত্রক (রাজস্ব) মোহাম্মদ আনিছুর রহমানকে গত জুনে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের অডিটের দায়িত্ব দেওয়া হয়। পরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অডিটও তার ওপর ন্যস্ত করা হয়।

এ ছাড়া চট্টগ্রাম উত্তর বা দক্ষিণের কর্মকর্তাদের বাদ দিয়ে চট্টগ্রাম বিভাগের সহকারী হিসাব নিয়ন্ত্রক (রাজস্ব) দিদারুল আলম পাটোয়ারীকে একাই তিন পার্বত্য জেলার অডিটের দায়িত্ব দেওয়া হয়েছে। কোনো যৌক্তিক প্রশাসনিক কারণ ছাড়াই কেন নির্দিষ্ট কর্মকর্তাদের বারবার একাধিক জেলার দায়িত্ব দেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এতে সরকারি অর্থের অতিরিক্ত সফর ও ভাতা ব্যয়েরও শঙ্কা তৈরি হয়েছে।

বদলির ভয় দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা

হিসাব নিয়ন্ত্রক মাশুক বিল্লাহ আরেফ খানের বিরুদ্ধে দ্বিতীয় শ্রেণির হিসাব তত্ত্বাবধায়ক (রাজস্ব) কর্মকর্তাদের বিধিবহির্ভূতভাবে বদলির অভিযোগও রয়েছে। অভিযোগে বলা হয়েছে, কিছু কর্মকর্তাকে ভয়ভীতি দেখিয়ে আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা করা হয়েছে। যারা তার বেআইনি নির্দেশনায় কাজ করতে অস্বীকৃতি জানিয়েছেন, তাদের অন্য জেলায় বদলি এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়েছে।

তদন্ত কমিটির এক সদস্য জানিয়েছেন, অডিটের দায়িত্বপ্রাপ্তদের সফরসূচি, টিএ/ডিএ বিল, ভাউচার, অডিট রিপোর্ট এবং দায়িত্ব বণ্টনের আদেশগুলো কঠোরভাবে খতিয়ে দেখা হচ্ছে।

অভিযুক্তের বক্তব্য

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত হিসাব নিয়ন্ত্রক মাশুক বিল্লাহ আরেফ খান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আগে যেভাবে এই দপ্তরের কাজ পরিচালিত হয়েছে, আমিও সেভাবেই করেছি। আমি নতুন করে কোনো নিয়ম তৈরি করিনি। কর্মকর্তা-সংকট ও দক্ষতার কথা বিবেচনা করেই অডিটের দায়িত্ব বণ্টন করা হয়েছে।’

আর্থিক সুবিধা আদায় ও বদলির হুমকির অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ রেষারেষি থেকেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন অভিযোগ করা হয়েছে। আগামী ১৩ সেপ্টেম্বর শুনানিতে আমি তদন্ত কমিটির কাছে আমার সব বক্তব্য ও প্রমাণ তুলে ধরব।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা