ইউনিসেফের প্রতিবেদন
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৫৮ পিএম
প্রতীকী ছবি।
বিশ্বের ২১টি দেশে এক বছরে প্রায় ২ কোটি ইন্টারনেট ব্যবহারকারী শিশু অনলাইনে যৌন নির্যাতন বা শোষণের শিকার হয়েছে। এসব ঘটনার প্রায় ৬০ শতাংশই ঘটেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। শিশুদের অনলাইন নিরাপত্তা নিয়ে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের এক নতুন প্রতিবেদনে উঠে এসেছে এ উদ্বেগজনক চিত্র।
বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আফ্রিকা, এশিয়া, লাতিন আমেরিকা ও পূর্ব ইউরোপের ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের মধ্যে প্রতি পাঁচজনে একজনের বেশি অনলাইনে অন্তত একবার যৌন নির্যাতন বা শোষণের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে।
২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে ২১টি দেশে প্রায় ২১ হাজার ইন্টারনেট ব্যবহারকারী শিশুর ওপর পরিচালিত জাতীয় পর্যায়ের জরিপের তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। জরিপভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে কেনিয়া, পাকিস্তান, ব্রাজিল ও সার্বিয়া।
ইউনিসেফের তথ্য অনুযায়ী, প্রায় ১ কোটি ৫০ লাখ শিশু অনলাইনে অনিচ্ছাকৃত যৌন কনটেন্টের মুখোমুখি হয়েছে। প্রায় ৯০ লাখ শিশুকে যৌন কথোপকথন বা যৌন ছবি পাঠাতে চাপ দেওয়া হয়েছে। আর প্রায় ৪০ লাখ শিশুর যৌন ছবি তাদের অনুমতি ছাড়াই ছড়িয়ে দেওয়া হয়েছে। সংস্থাটির আশঙ্কা, বিশ্বব্যাপী এ ধরনের নির্যাতনের শিকার শিশুর সংখ্যা কয়েক কোটি ছাড়িয়ে যেতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যমেই বেশি ঝুঁকি
গবেষণায় দেখা গেছে, শিশুদের অনলাইনে যৌন নির্যাতন বা শোষণের প্রায় ৬০ শতাংশ ঘটনা ঘটেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এসব ঘটনায় ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট ও টিকটকের মতো প্ল্যাটফর্মের নাম উঠে এসেছে। এ ছাড়া প্রায় ১৪ শতাংশ ঘটনা ঘটেছে অনলাইন গেমিং প্ল্যাটফর্মে।
মেটা জানিয়েছে, ইউনিসেফের জরিপের কিছু তথ্য ২০২০ সালের, যখন শিশুদের সুরক্ষায় বর্তমানের কিছু ব্যবস্থা চালু হয়নি। স্ন্যাপচ্যাট ও টিকটকও শিশু-কিশোরদের নিরাপত্তায় বিভিন্ন সুরক্ষা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
পরিচিতজনই অনেক ক্ষেত্রে অপরাধী
প্রতিবেদনে বলা হয়েছে, অর্ধেকের বেশি ঘটনায় শিশুর পরিচিত কেউ জড়িত ছিল। তাদের মধ্যে বন্ধু, আত্মীয় এবং প্রেমিক-প্রেমিকার মতো ঘনিষ্ঠ ব্যক্তিরাও রয়েছেন। প্রায় ৩৮ শতাংশ শিশু জানিয়েছে, অপরাধীর সঙ্গে প্রথম পরিচয় হয়েছিল অনলাইনে।
সবচেয়ে উদ্বেগের বিষয়, শিশুদের ওপর ঘটে যাওয়া এসব ঘটনার ১ শতাংশেরও কম পুলিশ, সমাজকর্মী বা সহায়তা সংস্থাকে জানানো হয়েছে।
এআই নিয়ে নতুন শঙ্কা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে শিশুদের যৌন ছবি ও ভিডিও তৈরির বিষয়েও উদ্বেগ জানিয়েছে ইউনিসেফ। নয়টি দেশের তথ্য বিশ্লেষণ করে সংস্থাটি অনুমান করেছে, প্রায় ১১ লাখ শিশু জানিয়েছে—এআই ব্যবহার করে তাদের ছবি বা ভিডিওকে যৌন কনটেন্টে রূপান্তর করা হয়েছে।
গবেষণায় আরও দেখা গেছে, প্রযুক্তির মাধ্যমে যৌন নির্যাতন বা শোষণের শিকার শিশুরা অন্য শিশুদের তুলনায় আত্মহত্যার চিন্তা বা আত্মক্ষতির প্রবণতার কথা প্রায় চার গুণ বেশি জানিয়েছে। তাদের মধ্যে উদ্বেগের মাত্রাও উল্লেখযোগ্যভাবে বেশি।
ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেন, এ ধরনের অভিজ্ঞতা শিশুদের গভীর মানসিক ও আবেগীয় কষ্টের মধ্যে ফেলে। অনেক শিশু কাউকে কিছু না জানিয়ে নীরবে কষ্ট সহ্য করে এবং কোথায় সাহায্য চাইবে, তা-ও বুঝতে পারে না।
শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রতি আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ইউনিসেফ। অনলাইন প্ল্যাটফর্মের নিরাপত্তা জোরদার, এআই-নির্ভর যৌন কনটেন্টসহ নতুন ধরনের নির্যাতন মোকাবিলায় আইন হালনাগাদ এবং শিশুদের অভিযোগ জানানোর সুযোগ ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।