বগুড়া অফিস
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬ ১৭:৪৪ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৬ ১৮:০৬ পিএম
শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল। ফাইল ছবি
ঢাকা থেকে বাসে করে বাড়ি ফেরার পথে ‘অজ্ঞান পার্টির’ খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন তিন দিনমজুর।
বগুড়া শহরের তেলীপুকুর এলাকায় মহাসড়কের পাশ থেকে মঙ্গলবার ভোররাতে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ।
উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন—গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মালিচাপড় গ্রামের মোস্তাকিম, আজিজুল ইসলাম এবং একই উপজেলার মালাধর গ্রামের সুজ্জল প্রধান। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও ভুক্তভোগীদের স্বজনদের ভাষ্য, ওই তিনজনই ঢাকায় দিনমজুরের কাজ করতেন। কাজ শেষে উপার্জিত টাকা নিয়ে বাসে করে তারা বাড়ির উদ্দেশে রওনা হন। পথিমধ্যে বাসের মধ্যেই অজ্ঞান পার্টির সদস্যরা তাদের কোনোভাবে অচেতন করে সঙ্গে থাকা সব টাকা হাতিয়ে নেয়। পরে বাসের চালক-সহকারীরা তাদের মহাসড়কের পাশে ফেলে রেখে চলে যান বলে ধারণা করা হচ্ছে।
বগুড়ার ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক লাল মিয়া জানান, মঙ্গলবার ভোররাতে টহল পুলিশ তাদের মহাসড়কের পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসার পর তিনজনেরই জ্ঞান ফিরেছে। ভুক্তভোগীদের স্বজনদের খবর দেওয়া হয়েছে।
পুলিশ কর্মকর্তা আরও জানান, এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।