গুলির খোসা। প্রতীকী ছবি
চট্টগ্রামে ৫০ লাখ টাকা চাঁদা দাবির পর একটি আবাসিক ভবনের গেটে গুলি ছোড়া হয়েছে।
নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় রুনা টাওয়ার নামে একটি ভবনে সোমবার রাতে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহেদুল ইসলাম মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে”।
ওসি জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে দুই যুবক মোটরসাইকেলে করে এসে রুনা টাওয়ারের গেটে দুই রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
নগর পুলিশের উপকমিশনার (উত্তর) হাসান মোস্তফা স্বপন বলেন, “ভবনটির মালিক হাজী ইউনুসের দুই ছেলে মধ্যপ্রাচ্যপ্রবাসী। সম্প্রতি তার বড় ছেলে দেশে আসেন। এর কয়েক দিন আগে একটি ইন্টারনেট নম্বর থেকে ভয়েস মেসেজ পাঠিয়ে তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত করা হচ্ছে”।
তিনি আরও বলেন, “কারা গুলি ছুড়েছে এবং চাঁদা দাবির সঙ্গে এ ঘটনার যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে”।
স্থানীয় বাসিন্দারা জানান, চট্টগ্রাম নগরের বায়েজিদ ও হামজারবাগ এলাকায় চাঁদার দাবিতে গুলি ও হামলার ঘটনা নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর এ ধরনের ঘটনা বেড়েছে বলেও দাবি করেন তারা।
এর আগে গত ২ জানুয়ারি ও ২৯ ফেব্রুয়ারি স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রাম-১৬ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমানের কাছ থেকে চাঁদা দাবি করা হয়। চাঁদা না পেয়ে দুই দফায় তাঁর বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটে।
গত ১৩ জুলাই নগরের বাকলিয়া অ্যাকসেস রোড এলাকায় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডিডিএনের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের পর ৩০ লাখ টাকা লুটের ঘটনা ঘটে।
এ ছাড়া বড় দীঘির পাড় এলাকার পাইকারি চাল ব্যবসায়ী জসীম উদ্দিনের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দেওয়ায় গত ২৬ জুলাই হাটহাজারীতে তাঁর নির্মাণাধীন বাড়িতে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানা গেছে।
পুলিশ বলছে, রুনা টাওয়ারে গুলি ছোড়ার ঘটনায় জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা হচ্ছে।