প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬ ১৮:৪৭ পিএম
ঢাকার হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতি অস্ত্র-ককটেলসহ চারজনকে গ্রেপ্তার করেছে ডিবি। ছবি: ডিএমপি
ঢাকার হাতিরঝিল এলাকায় একটি বাসায় ডাকাতির প্রস্তুতির সময় সংঘবদ্ধ ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, পাঁচটি ককটেল, চাপাতি, স্পাইক ড্যাগারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—মো. রাকিব, মো. রাশেদুল হাওলাদার, মো. জুবায়ের ইসলাম ও বিজয় সরকার ওরফে ডেভিড।
ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে মঙ্গলবার এসব তথ্য জানান ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবির গুলশান বিভাগ জানতে পারে, হাতিরঝিল সংলগ্ন একটি বাসায় ডাকাতির পরিকল্পনা করছে একটি সংঘবদ্ধ চক্র। ছয় সদস্যের ওই দলটি বাসাটিতে থাকা স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুটের পরিকল্পনা করেছিল। পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে ডাকাতির আগের দিন চক্রটির সদস্যরা সংশ্লিষ্ট এলাকা রেকি করে।
গোয়েন্দা নজরদারিতে বিষয়টি আসার পর চক্রটির সদস্যদের অবস্থান ও গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ করে ডিবি। পরে সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ছয় সদস্যের ওই দলের চারজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান ডিবিপ্রধান।
তিনি আরও জানান, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, একটি খেলনা পিস্তল, তিনটি চাপাতি, পাঁচটি ককটেল, একটি স্পাইক ড্যাগার এবং চলচ্চিত্র শুটিং ইউনিটের দুটি পরিচয়পত্র/কার্ড উদ্ধার করা হয়।
ডিবি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।