× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সহপাঠীদের ছবি প্রবাসী প্রেমিককে পাঠানো নিয়ে মুখ খুললেন সেই ইবি ছাত্রী

ইবি প্রতিবেদক

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬ ২২:৪০ পিএম

আপডেট : ০৭ আগস্ট ২০২৬ ২২:৪০ পিএম

সহপাঠীদের ছবি প্রবাসী প্রেমিককে পাঠান ইবি ছাত্রী। ফাইল ছবি

সহপাঠীদের ছবি প্রবাসী প্রেমিককে পাঠান ইবি ছাত্রী। ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘জুলাই ৩৬’ হলের এক ছাত্রীর বিরুদ্ধে সহপাঠীদের আপত্তিকর ছবি গোপনে প্রবাসী প্রেমিকের কাছে পাঠানোর অভিযোগ নিয়ে দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় সাময়িক বহিষ্কার ও তদন্ত কমিটি গঠনের পর অবশেষে নিজের অবস্থান পরিষ্কার করেছেন অভিযুক্ত ছাত্রী তুবাউল জান্নাত ঐশী।

হল প্রশাসন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সাংবাদিকদের উপস্থিতিতে শুক্রবার ঐশী তার বিরুদ্ধে ওঠা অভিযোগের আংশিক স্বীকারোক্তি দেন। তিনি জানান, সহপাঠীদের ছবি তৃতীয় পক্ষকে দেওয়া তার ভুল ছিল এবং এজন্য তিনি যেকোনো শাস্তি গ্রহণে প্রস্তুত। তবে তার দাবি, কোনো অশুভ উদ্দেশ্য বা কারও ক্ষতি করার জন্য তিনি এমনটি করেননি।

ঐশীর ভাষ্য: ‘ভুল হয়েছে, তবে উদ্দেশ্যমূলক নয়’

জিজ্ঞাসাবাদে ঐশী জানান, তার প্রবাসী প্রেমিকের সঙ্গে তার বান্ধবীদেরও পরিচয় ও যোগাযোগ ছিল। আলাপচারিতার একপর্যায়ে তিনি পরিচিতদের কিছু ছবি শেয়ার করেছিলেন। তিনি বলেন, “আমি স্বীকার করছি ছবি পাঠানো আমার ভুল হয়েছে এবং এর জন্য আমি ক্ষমাপ্রার্থী। তবে ব্যক্তিগত আক্রোশ বা কাউকে হেয় করার কোনো ইচ্ছা আমার ছিল না।”

নিজের ক্যারিয়ার নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, “আমি একজন শিক্ষার্থী। ভুল করেছি, শাস্তি মাথা পেতে নেব। তবে আমার ক্যারিয়ার ধ্বংস হয়ে না যায়, সে বিষয়টি মানবিকভাবে বিবেচনা করার অনুরোধ জানাই।”

প্রেমিকের সঙ্গে বিরোধ ও আর্থিক লেনদেনের দাবি

প্রবাসী প্রেমিকের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে ঐশী জানান, বিয়ের প্রস্তাব এলেও পড়াশোনা শেষ না করে তিনি বিয়েতে রাজি হননি। এ নিয়েই তাদের মধ্যে দূরত্বের সৃষ্টি হয়। এছাড়া আর্থিক লেনদেনের বিষয়ে তার দাবি, তিনি কখনো টাকা দাবি করেননি; ওই ব্যক্তি নিজ থেকেই খরচ করেছেন। বর্তমানে ব্যক্তিগত শত্রুতার জের ধরে তাকে সামাজিকভাবে অপদস্থ করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

পাল্টা অভিযোগ প্রবাসী প্রেমিকের

অন্যদিকে ঐশীর প্রবাসী প্রেমিক দাবি করেছেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ঐশী নিয়মিত অন্য মেয়েদের ব্যক্তিগত ছবি তাকে পাঠাতেন। তিনি আরও জানান, ছবি পাঠাতে বারবার নিষেধ করা সত্ত্বেও ঐশী তা শোনেননি। তার অভিযোগ, ঐশী তাকে আর্থিকভাবে ব্যবহার করেছেন এবং সম্প্রতি দেশে এসে দেখা করার সময় তার ফোন থেকে সব তথ্য মুছে দিয়েছেন। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

প্রশাসনের পদক্ষেপ

ঘটনার গুরুত্ব বিবেচনায় অভিযুক্ত ছাত্রীকে ইতিমধ্যে ‘জুলাই ৩৬’ হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে হল প্রশাসন। তদন্তের স্বার্থে ঐশীর ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা