নেত্রকোনা প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ ১৬:৪৮ পিএম
কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া। ছবি: ফেসবুক থেকে
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ১৩-১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।
ভুক্তভোগী ওই কিশোরীর পিতা মঙ্গলবার রাতে বাদী হয়ে নেত্রকোনা সদর থানায় এ মামলা দায়ের করেন।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে”।
মামলার এজহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে। অভিযুক্ত রিপন মিয়া (৩০) নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের নন্দুরা গ্রামের মঞ্জিল মিয়ার ছেলে।
স্থানীয়দের দাবি, গত শনিবার রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গে রিপন মিয়াকে মেয়েটির বাড়ির পেছনে অপ্রীতিকর অবস্থায় দেখা যায় বলে অভিযোগ ওঠে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়ভাবে একটি সালিশ বসে। ওই সালিশে রিপন মিয়াকে ৫ লাখ টাকা জরিমানা এবং গ্রাম ছাড়ার নির্দেশ দেওয়া হয়। সালিশের সিদ্ধান্ত অনুযায়ী জরিমানার অর্থ পরিশোধ ও গ্রাম ছাড়তে তাকে এক সপ্তাহ সময় দেওয়া হয়।
এদিকে সোমবার দিবাগত রাত ১২টার দিকে সালিশের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে।
ওসি আবুল খায়ের জানান, ভিডিওটি নজরে আসার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে। পরে ওই রাতেই ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় মামলাটি করেন।
অপরদিকে মঙ্গলবার দুপুরে সরেজমিনে রিপন মিয়ার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। ঘটনার পর থেকে তিনি এলাকায় নেই বলে জানিয়েছেন স্থানীয়রা।
রিপন মিয়ার গর্ভবতী স্ত্রী চম্পা আক্তার বলেন, “ঘটনার বিষয়ে তিনি বিস্তারিত জানেন না। মানুষের মুখে বিষয়টি শুনেছি। আমার স্বামী নিজেকে নির্দোষ দাবি করেছেন”।
তার ভাষ্য, ঘটনাটি অন্যায়ভাবে রিপন মিয়ার ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। ভুক্তভোগী শিক্ষার্থীর আগে থেকেই তাদের পরিবারে যাতায়াত ছিল।
ভুক্তভোগী কিশোরীর মা জানান, তিনি বাড়িতে না থাকায় প্রথমে বিষয়টি জানতে পারেননি। পরে স্থানীয়দের কাছ থেকে ঘটনার কথা শোনেন। এরপর মেয়ের কাছ থেকে অভিযোগের বিষয়টি জানতে পারেন।