চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ ২০:৫৮ পিএম
গত ২৯ জুলাই ডেভিড ইমনকে গ্রেপ্তারের পর রবিবার তাকে ১০ দিনের রিমান্ডে নেয় চট্টগ্রাম জেলা পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন। তিনি জানিয়েছেন, প্রতি মাসে গড়ে প্রায় এক কোটি টাকা চাঁদা তুলতেন তিনি, যার মধ্যে অর্ধেকের কাছাকাছি, অর্থাৎ প্রায় ৫০ লাখ টাকা হুন্ডির মাধ্যমে পাঠাতেন বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের কাছে।
গত ২৯ জুলাই সকালে যশোর সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তিন সহযোগীসহ ইমনকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা ও অস্ত্র আইনে অন্তত ১৫টি মামলা রয়েছে। ফটিকছড়ি থানার একটি হত্যা ও অস্ত্র মামলায় রবিবার তাকে ১০ দিনের রিমান্ডে নেয় জেলা পুলিশ।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ প্রতিদিনের বাংলাদেশকে জানান, ইমনের সংগৃহীত এক কোটি টাকার মধ্যে ৫০ লাখ টাকা যেত সাজ্জাদের কাছে, ১৫ লাখ টাকা ব্যয় হতো দলের সদস্যদের পেছনে, আর বাকিটা রাখতেন ইমন নিজে।
তিনি আরও বলেন, ইমনের দাবি অনুযায়ী তিনিই সাজ্জাদকে সবচেয়ে বেশি টাকা পাঠাতেন। তার সহযোগী রায়হান বা বোরহান এই পরিমাণ টাকা কখনও দিতে পারতেন না।
পুলিশ জানায়, চাঁদাবাজির জন্য প্রথমে টার্গেট করা হতো নির্দিষ্ট ব্যবসায়ী, প্রবাসী কিংবা নির্মীয়মাণ ভবনের মালিকদের। এরপর সংগ্রহ করা হতো তাদের ব্যবসা, পরিবার ও দৈনন্দিন চলাফেরার তথ্য। এমনকি টার্গেট ব্যক্তি কোন দিন কী রঙের পোশাক পরেছেন, তাও অনুসরণ করে জানিয়ে দেওয়া হতো ফোনে।
এরপর বিদেশি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে চাঁদা দাবি করা হতো। আর টাকা না দিলে গুলি করার বা পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি দেওয়া হতো। দাবি অনুযায়ী টাকা না পেলে সরাসরি বাড়ি বা ব্যবসাপ্রতিষ্ঠান লক্ষ্য করে গুলি চালানো হতো। ভুক্তভোগীদের কেউই থানায় অভিযোগ না করায় এত দিন এই চাঁদাবাজির প্রকৃত পরিমাণ অজানা ছিল।
পুলিশের তথ্য অনুযায়ী, ইমন নিয়মিত ১৫ থেকে ২০টি আগ্নেয়াস্ত্র বহন করতেন এবং বর্তমানে চট্টগ্রামে বড় সাজ্জাদের বাহিনীর নেতৃত্বে থাকা দুজনের একজন ছিলেন তিনি। প্রায় ৫০ জন শুটার ও সহযোগী নিয়ে গঠিত এই বাহিনীর তৎপরতা শনাক্তে এখন কাজ করছে পুলিশ। বিশেষ করে হুন্ডির মাধ্যমে টাকা পাঠানোর সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।