× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝিনাইদহে অভিযানেও থামছে না মাদক কারবার

প্রবা প্রতিবেদক, ঝিনাইদহ

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ ২২:০৮ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঝিনাইদহে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযান, মাদক উদ্ধার, মামলা ও কারবারিদের গ্রেপ্তার অব্যাহত থাকলেও থামছে না মাদকের বিস্তার। সীমান্তবর্তী এলাকা থেকে শুরু করে শহর ও গ্রামাঞ্চলের বিভিন্ন পথে ছড়িয়ে পড়ছে মাদক। এতে সাধারণ মানুষের উদ্বেগ বাড়ছে, বিশেষ করে তরুণ সমাজকে ঘিরে।

স্থানীয় বাসিন্দা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযান চললেও চক্রগুলো কৌশল বদলে সক্রিয় রয়েছে। কখনো ছোট ছোট চালানে, আবার কখনো বিভিন্ন পরিবহনের আড়ালে এক এলাকা থেকে অন্য এলাকায় মাদক পৌঁছে দেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নিয়মিত কারবারিরা গ্রেপ্তার হলেও মূল হোতারা অনেক সময় ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

জেলা পুলিশের তথ্যমতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত জেলায় ১০ গ্রাম হেরোইন, ১৭ বোতল ফেনসিডিল, ১০ কেজি ২০৮ গ্রাম গাঁজা, ৬ হাজার ৬৫৬ পিস ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৪৩ লাখ ৩৭ হাজার ২৪৩ টাকা। এ সময় ৩০৪টি মামলা দায়ের করে ৪১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

একই সময়ে র‌্যাব অভিযান চালিয়ে প্রায় ৮ কোটি ১৭ লাখ ৭ হাজার ৮০০ টাকার মাদক উদ্ধার করেছে। এ ঘটনায় ২২টি মামলায় ৩১ জনকে গ্রেপ্তার করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ৬৯ লাখ ৪০ হাজার ৭০০ টাকার বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করে ২৩টি মামলায় ২৪ জনকে গ্রেপ্তার করেছে। এছাড়া বিজিবি ৩০ জুন পর্যন্ত ৪২ হাজার ৭০০ টাকার মাদক উদ্ধার করে ৫টি মামলায় ৬ জনকে আটক করেছে।

স্থানীয়দের অভিযোগ, মাদক কারবারিরা বিভিন্ন কৌশলে বেকার তরুণদের টার্গেট করছে। মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেও চলছে যোগাযোগ। ফলে অল্প বয়সী অনেক তরুণ মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। মাদকের অর্থ জোগাড় করতে কেউ কেউ চুরি, ছিনতাইসহ নানা অপরাধেও জড়িয়ে পড়ছে বলে অভিযোগ রয়েছে।

জেলা সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি আনোয়ারুজ্জামান আজাদ বলেন, “মাদক নির্মূলে শুধু অভিযান পরিচালনা করলেই স্থায়ী সমাধান হবে না। মাদকের উৎস, পরিবহনব্যবস্থা ও অর্থের লেনদেনের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। শুধু খুচরা বিক্রেতা বা বাহকদের গ্রেপ্তার করলেই হবে না; সীমান্তে নজরদারি জোরদার, অর্থের উৎস শনাক্ত এবং মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থাও নিশ্চিত করতে হবে”।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, “মাদকের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। কারবারিদের আটকের পাশাপাশি মাদকসেবীদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তির আওতায় আনা হচ্ছে”।

সীমান্তবর্তী মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, “আমার দায়িত্বাধীন এলাকার অধিকাংশই ভারতীয় সীমান্তবর্তী গ্রাম। সেখানে বিজিবি প্রধান দায়িত্ব পালন করলেও পুলিশও বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ কারবারিদের আটক করছে”।

ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহম্মদ আশিস বিন হাছান বলেন, “আমি এ জেলায় যোগদানের পর থেকেই মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি। থানা পুলিশের পাশাপাশি পুলিশের একাধিক বিশেষ টিম নিয়মিত অভিযান চালিয়ে মাদক কারবারিদের আটক করছে”।

তিনি আরও বলেন, “মাদকের ভয়াবহতা এতটাই বেশি যে শুধু পুলিশি অভিযানের মাধ্যমে এটি পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। অনেক কারবারি আইনের ফাঁকফোকর দিয়ে জামিনে বেরিয়ে যাচ্ছে। তাই বর্তমানে আটক ব্যক্তিদের ডোপ টেস্ট করানো হচ্ছে, যাতে তাদের বিরুদ্ধে আরও কার্যকর আইনগত ব্যবস্থা নেওয়া যায়। একই সঙ্গে বড় মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে”।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক হাশেম আলী বলেন, “মাদক কারবারের পাশাপাশি জেলায় মাদকসেবীর সংখ্যাও বেড়েছে। আমরা নিয়মিত অভিযান চালিয়ে কারবারি ও সেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি”।

তিনি আরও বলেন, “মাদক প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগ যথেষ্ট নয়। সমাজের সব শ্রেণি-পেশার সচেতন মানুষকে একযোগে এগিয়ে আসতে হবে। সম্মিলিত উদ্যোগ ছাড়া এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা