× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড সম্পর্কে যা যা জানা যাচ্ছে

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ ২২:৫৮ পিএম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিডকে যশোরে গ্রেপ্তার করেছে পুলিশ। অবৈধভাবে ভারত থেকে দেশে ফেরার কয়েক দিন পর আবার সীমান্ত পেরিয়ে ভারতে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। 

যশোর শহরের ঝুমঝুমপুর এলাকায় গত মঙ্গলবার রাত ৩টার দিকে কোতোয়ালি থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ অভিযানে ডেভিডকে গ্রেপ্তার করা হয়। 

এ সময় তার তিন সহযোগী— আল ইসলাম অলিফ তমাল, শামিম ও সাফায়েতকেও আটক করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, চার দিন আগে ডেভিড অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের খবর পেয়ে তিনি আবার সীমান্ত পেরিয়ে ভারতে পালানোর চেষ্টা করেন। এ সময় চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারের পর ডেভিডকে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশের পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, ডেভিডকে চট্টগ্রামে আনার পর বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক জানান, ডেভিডের কাছে দেশি ও বিদেশি—দুটি পাসপোর্ট থাকার তথ্য পুলিশের কাছে রয়েছে। জিজ্ঞাসাবাদে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে।

পুলিশের তথ্য অনুযায়ী, বিদেশে পলাতক চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদ বর্তমানে ভারতে অবস্থান করছেন। ডেভিডও সেখানে তার সঙ্গেই অবস্থান করতেন বলে জানা গেছে।

তদন্ত-সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ডেভিডের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ রয়েছে। অভিযোগ করা হয়, তিনি ফোনে নিজেকে প্রভাবশালী হিসেবে পরিচয় দিয়ে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনারের নাম উল্লেখ করে ব্যবসায়ীদের ভয়ভীতি দেখাতেন। 

এক ব্যবসায়ীর কাছে দেওয়া এমন একটি হুমকিতে বলা হয়েছিল, “আমার সম্পর্কে সিএমপি কমিশনারকে জিজ্ঞেস করুন। তাকে আমার ফোন নম্বর দেখান। এখন থেকে ব্যবসা আমরা চালাব। আপনি আর ব্যবসা করবেন না। ব্যবসা করতে চাইলে স্মার্ট গ্রুপের মালিক মুজিবের বাসায় কী হয়েছে, সেটা দেখুন।”

কৃষক পরিবারের ছেলে থেকে অপরাধজগতের পরিচিত মুখ 

মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মো. মুসার ছেলে। 

পুলিশের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি বড় সাজ্জাদের গ্রুপে যুক্ত হয়ে অপরাধজগতে পরিচিতি পান। কৃষক পরিবারে জন্ম নেওয়া ডেভিডের প্রাতিষ্ঠানিক শিক্ষা সীমিত। অল্প বয়সে কিশোর গ্যাংয়ে জড়িয়ে পড়ে তিনি একাধিক হত্যাকাণ্ডে যুক্ত হন বলে পুলিশের দাবি। বর্তমানে তাকে সাজ্জাদ আলীর ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে পরিচিত।

পুলিশের তথ্যমতে, বাকলিয়ার আলোচিত জোড়া খুন এবং পতেঙ্গায় সন্ত্রাসী ঢাকাইয়া আকবর হত্যা মামলাসহ তার বিরুদ্ধে মোট সাতটি মামলা রয়েছে। এ ছাড়া তিনি অন্তত ১৫ থেকে ২০টি আগ্নেয়াস্ত্র ব্যবহার বা বহন করেছেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।

চাঁদাবাজি ও হামলার অভিযোগ 

গত এক মাসে একাধিক ব্যবসাপ্রতিষ্ঠানে ফোন করে কয়েক কোটি টাকা চাঁদা দাবি ও আদায়ের অভিযোগ রয়েছে ডেভিডের বিরুদ্ধে। সর্বশেষ ২৬ জুলাই চট্টগ্রামের দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডে ব্যবসায়ী মোহাম্মদ জসিম উদ্দিনের নির্মাণাধীন ১০ তলা ভবনে ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় সশস্ত্র হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে অভিযোগ। এতে নির্মাণকাজ বন্ধ হয়ে যায়।

এর আগে ১১ জুলাই ডিজিটাল ডট নেট (ডিডিএন)-এর মালিক আদিল বিন মামুনের কাছে ডেভিডের পরিচয়ে ২ কোটি টাকা চাঁদা দাবি করা হয়। দুই দিনের মধ্যে অর্থ না দেওয়ায় ১৩ জুলাই ৩০ থেকে ৩৫ জন সশস্ত্র ব্যক্তি প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ৩৫ লাখ টাকা লুট করে বলে অভিযোগ রয়েছে। ঘটনাটির সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচিত হয়। 

আদিল বিন মামুন বলেন, চাঁদা না দেওয়ায় আমার প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে। আমি এবং আমার প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ ছাড়া গত ৯ মে সাংবাদিক বিপ্লব দে পার্থের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে গুলি করার হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। এ ছাড়া গত বছরের ২০ আগস্ট হাটহাজারীর এক ব্যবসায়ীর বাড়িতে গুলি এবং ২০ জুন চান্দগাঁওয়ের ‘ইয়ুনেস্কো’ পোশাক কারখানার সামনে প্রকাশ্যে গুলি চালানোর ঘটনাতেও ডেভিডের নাম উঠে এসেছে বলে পুলিশ জানায়।

পুলিশ বলছে, চট্টগ্রাম নগরী এবং রাউজান, হাটহাজারী ও ফটিকছড়ি এলাকায় সংঘটিত অনেক চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের নেপথ্যে বড় সাজ্জাদ গ্রুপের সদস্যরা সক্রিয়। এ গ্রুপের নেতৃত্বে এতদিন ডেভিড ও তার সহযোগী মোহাম্মদ রায়হান ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা