বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ ১৮:০৪ পিএম
নিহতের নাতি মো. রাফি আহাম্মেদ ও তার স্ত্রী মুনিয়া আফরিন ওরফে শাহানাজ বেগম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের ছয়ফুল্লাকান্দি এলাকার গৃহবধূ এরফানুর নেছা (৬০) হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার তাদের গ্রেপ্তার করে। এ সময় নিহত গৃহবধূর লুণ্ঠিত স্বর্ণালংকারও উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন নিহতের নাতি মো. রাফি আহাম্মেদ (২৫) ও তার স্ত্রী মুনিয়া আফরিন ওরফে শাহানাজ বেগম (১৫)।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া উইং এই তথ্য নিশ্চিত করেছে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, গত শনিবার সকাল ৭টা থেকে সাড়ে ১০টার মধ্যে উপজেলার ছয়ফুল্লাকান্দি উত্তরপাড়ার বাসিন্দা রশিদ মিয়ার বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষে তার স্ত্রী এরফানুর নেছাকে রক্তাক্ত ও নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন স্বজনরা।
ঘটনার পরপরই নিহতের পরিবার থেকে দাবি করা হয়েছিল, এরফানুর নেছা স্ট্রোক করে পড়ে যান এবং ঘরে থাকা ফ্রিজের সঙ্গে মাথায় আঘাত পেয়ে মারা গেছেন। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পারিপার্শ্বিক আলামত ও মরদেহে আঘাতের চিহ্ন দেখে সন্দেহ প্রকাশ করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় পরবর্তীতে বাঞ্ছারামপুর মডেল থানায় পেনাল কোডের ৩০২/২০১/৩৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়। তদন্ত কর্মকর্তা তথ্যপ্রযুক্তির সহায়তায় ছয়ফুল্লাকান্দি উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় দুই আসামি রাফি ও তার স্ত্রীকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারের পর আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে নিহতের খোয়া যাওয়া ১ ভরি ১৫ আনা ৩ রতি ওজনের দুটি স্বর্ণের বালা এবং ৫ আনা ৯ পয়েন্ট ওজনের এক জোড়া স্বর্ণের কানের দুল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের জন্য ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে।