প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ ১৫:৪৩ পিএম
ফেসবুকে তান্ত্রিক সেজে নারীদের ফাঁদে ফেলে অর্থ আদায়ের অভিযোগে এক প্রতারক চক্রের তিন সদস্য গ্রেপ্তার হয়েছেন। ছবি: পিবিআই
ফেসবুকে তান্ত্রিক সেজে নারীদের ফাঁদে ফেলে অর্থ আদায়ের অভিযোগে এক প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তারা পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও চিনির রাসায়নিক বিক্রিয়ায় শরীরে ক্ষত সৃষ্টি করে ভয় দেখাত।
রাজধানীর দক্ষিণ কল্যাণপুরে পিবিআই কার্যালয়ে সোমবার সংবাদ সম্মেলনে বিশেষ পুলিশ সুপার মো. ফজলে এলাহী জানান, গত ২৪ জুলাই কুমিল্লা ও নোয়াখালীতে অভিযান চালিয়ে চক্রের মূলহোতা অহিদ মিয়া ওরফে কুয়েত, মাহে আলম ও হাসান আলীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একাধিক মোবাইল ফোন ও সিম জব্দ করা হয়েছে।
পিবিআই জানায়, ভুক্তভোগীদের পারিবারিক সমস্যা সমাধান, স্বামীর পরকীয়া বন্ধ বা জ্বীনের মাধ্যমে চিকিৎসার প্রলোভন দেখিয়ে তারা প্রথমে বিভিন্ন অজুহাতে টাকা নিত। পরে ইমুতে ভিডিও কলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও রসালো মিষ্টি হাতের তালু বা নাভিতে রাখতে নির্দেশ দিলে রাসায়নিক বিক্রিয়ায় গুরুতর ক্ষত সৃষ্টি হতো। এরপর ক্ষত সারিয়ে দেওয়ার আশ্বাস ও ভয়ভীতি দেখিয়ে বিকাশ ও নগদের মাধ্যমে আরও অর্থ আদায় করত।
তদন্তে জানা গেছে, চক্রটি ‘রহমত আলী কবিরাজ’, ‘হোসেন কবিরাজ’ ও ‘আসমা কবিরাজ’ নামে ভুয়া ফেসবুক আইডি ও ইমু অ্যাকাউন্ট পরিচালনা করত। ভারতেও একই কৌশলে প্রতারণা চালিয়ে গুগল পের মাধ্যমে অর্থ সংগ্রহ করে হুন্ডির মাধ্যমে দেশে আনত।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের তথ্যের বরাত দিয়ে পিবিআই জানায়, গত কয়েক মাসে একই ধরনের রাসায়নিক ক্ষত নিয়ে অন্তত ২০০ জন চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় আরও চারটি মামলা তদন্তাধীন এবং চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।