× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্যাস সংকটে সার কারখানা, বাড়ছে আমদানি-নির্ভরতা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ ১৩:৩৭ পিএম

কৃষির অন্যতম প্রধান উপকরণ সার সরবরাহে দেশীয় উৎপাদনের পরিবর্তে আমদানির ওপর নির্ভরতা বাড়ছে। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

কৃষির অন্যতম প্রধান উপকরণ সার সরবরাহে দেশীয় উৎপাদনের পরিবর্তে আমদানির ওপর নির্ভরতা বাড়ছে। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

দেশে গ্যাস সংকট, পুরনো কারখানা এবং কাঁচামাল সরবরাহের সমস্যায় রাসায়নিক সার উৎপাদন ধারাবাহিকভাবে কমছে। ফলে কৃষির অন্যতম প্রধান উপকরণ সরবরাহে দেশীয় উৎপাদনের পরিবর্তে আমদানির ওপর নির্ভরতা বাড়ছে।

রাষ্ট্রায়ত্ত সাতটি সার কারখানার মধ্যে বর্তমানে মাত্র দুটি চালু রয়েছে। বাকি পাঁচটি কারখানা গ্যাস ও কাঁচামালের সংকটে বিভিন্ন সময়ে উৎপাদন বন্ধ করেছে। এতে উৎপাদন সক্ষমতা থাকা সত্ত্বেও চাহিদার বড় অংশ বিদেশ থেকে আমদানি করে পূরণ করতে হচ্ছে।

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ও কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশের মোট সারের চাহিদা ছিল ৬৬ লাখ টন। বিপরীতে রাষ্ট্রায়ত্ত কারখানাগুলো উৎপাদন করেছে মাত্র ১১ লাখ ৬ হাজার টন। অর্থাৎ মোট চাহিদার ৮৩ শতাংশেরও বেশি আমদানির মাধ্যমে পূরণ করতে হয়েছে। আগের অর্থবছরেও একই ধরনের চিত্র ছিল। তখন ৬৭ লাখ ৪৭ হাজার টন চাহিদার বিপরীতে দেশে উৎপাদন হয়েছিল ১২ লাখ ৪৪ হাজার টন সার।

রাষ্ট্রায়ত্ত সাতটি কারখানার সম্মিলিত বার্ষিক উৎপাদন সক্ষমতা ৩৭ লাখ টনের বেশি। কিন্তু বাস্তবে সেই সক্ষমতার দুই-তৃতীয়াংশেরও কম উৎপাদন সম্ভব হচ্ছে। বিসিআইসির বাইরে বহুজাতিক কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) প্রতিবছর পাঁচ থেকে ছয় লাখ টন ইউরিয়া সরবরাহ করে। তবে পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় চলতি বছর তাদের উৎপাদনও ব্যাহত হয়েছে। ফলে ইউরিয়া, ডিএপি, টিএসপি এবং এমওপির বড় অংশ আমদানি করেই চাহিদা পূরণ করতে হচ্ছে।

উৎপাদন ও চাহিদার ব্যবধান বাড়তে থাকায় আমদানির পরিমাণও দীর্ঘমেয়াদে উচ্চ পর্যায়ে রয়েছে। বিসিআইসির তথ্য অনুযায়ী ২০১৯-২০ অর্থবছরে ৩৮ লাখ ৬৭ হাজার টন সার আমদানি হয়েছিল। পরে এই প্রবণতা ধারাবাহিকভাবে বেড়ে ২০২১-২২ অর্থবছরে প্রায় ৪৭ লাখ ৮০ হাজার টনে পৌঁছে। ২০২২-২৩ অর্থবছরে আমদানি ৪৮ লাখ টনের বেশি হয়। এরপরও ২০২৩-২৪ অর্থবছরে ৪৭ লাখ ৭৭ হাজার এবং ২০২৪-২৫ অর্থবছরে ৪৪ লাখ ৭৮ হাজার টন সার আমদানি করতে হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত না হওয়ায় উৎপাদন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমওপির ক্ষেত্রে বাংলাদেশ পুরোপুরি আমদানিনির্ভর। অন্যদিকে ডিএপি ও টিএসপির দেশীয় উৎপাদনও চাহিদার তুলনায় অনেক কম। আন্তর্জাতিক বাজারে কাঁচামালের অস্থিরতা পরিস্থিতিকে আরও জটিল করেছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনায় এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ায় সরকারকে বিভিন্ন খাতে গ্যাস ব্যবস্থাপনায় অগ্রাধিকার পরিবর্তন করতে হয়েছে। একই সময়ে আমদানিকৃত কাঁচামালের সরবরাহও বিঘ্নিত হয়েছে।

বিসিআইসি সূত্রে জানা গেছে, গ্যাসভিত্তিক সার কারখানাগুলো পূর্ণ সক্ষমতায় চালাতে প্রতিদিন প্রায় ১৯৭ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন। কিন্তু সাধারণত প্রয়োজনীয় গ্যাসের মাত্র এক-তৃতীয়াংশ পাওয়া যায়। গ্যাস সংকটের মধ্যেও গত অর্থবছরে ১১ লাখ ৬ হাজার টন সার উৎপাদন সম্ভব হয়েছে। সারা বছর নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ থাকলে আরও ২২ থেকে ২৫ লাখ টন অতিরিক্ত উৎপাদন করা যেত। পাশাপাশি অধিকাংশ কারখানার যন্ত্রপাতি পুরনো হওয়ায় নিয়মিত রক্ষণাবেক্ষণের প্রয়োজনও উৎপাদন সীমিত করছে।

চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড গত ৪ মার্চ থেকে গ্যাস সংকটে বন্ধ রয়েছে। কারখানার প্রধান রসায়নবিদ উত্তম চৌধুরীর ভাষ্য অনুযায়ী, গত অর্থবছরে কারখানাটি মাত্র চার থেকে পাঁচ মাস চালু ছিল। ওই সময়ে প্রায় ৬৫ হাজার টন ইউরিয়া উৎপাদিত হয়েছে, যেখানে আগের অর্থবছরে উৎপাদন ছিল এক লাখ পাঁচ হাজার টন। নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ থাকলে উৎপাদন প্রায় দেড় লাখ টনে পৌঁছাতে পারত। ১৯৮৭ সালে চালুর সময় কারখানাটির সক্ষমতা অনেক বেশি থাকলেও যন্ত্রপাতি পুরনো হওয়ায় উৎপাদন ধারাবাহিকভাবে কমেছে।

ডিএপি ফার্টিলাইজার কোম্পানিও নতুন সংকটে পড়েছে। আন্তর্জাতিক বাজার থেকে ফসফরিক অ্যাসিড সংগ্রহে ব্যর্থ হওয়ায় গত ২৮ জুন থেকে উৎপাদন বন্ধ রয়েছে। জানা গেছে, জানুয়ারিতে ২০ হাজার টন ফসফরিক অ্যাসিড আমদানির জন্য দরপত্র দেওয়া হলেও নির্বাচিত সরবরাহকারী চালান দিতে পারেনি। পরে জুনে নতুন দরপত্র আহ্বান করা হলেও মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে কোনো প্রতিষ্ঠান অংশ নেয়নি। বিসিআইসি নতুন করে আরও দুটি দরপত্র আহ্বান করেছে, যা আগামী আগস্ট ও সেপ্টেম্বরে খোলা হবে।

এদিকে মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে গ্যাস সরবরাহ আরও কমে গেছে। স্বাভাবিক সময়ে দৈনিক ৯৫০ থেকে ১ হাজার ৫০ মিলিয়ন ঘনফুট এলএনজি সরবরাহ থাকলেও বর্তমানে তা ৬০০ মিলিয়ন ঘনফুটের নিচে নেমেছে। ফলে আবাসিক, শিল্প এবং সিএনজি খাতের পাশাপাশি চট্টগ্রামের সার কারখানাগুলোও গ্যাস সংকটে পড়েছে। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তারা জানিয়েছেন, অঞ্চলে দৈনিক প্রায় ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি রয়েছে। তবে দুটি সার কারখানার অন্তত একটি সচল রাখার চেষ্টা চলছে।

সংকটের মধ্যেও কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, চলমান আমন মৌসুমের জন্য পর্যাপ্ত সার মজুদ রয়েছে। ২৩ জুলাই পর্যন্ত সরকারের মজুদ ছিল ১৬ লাখ ১৯ হাজার টন সার। এর মধ্যে ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপির উল্লেখযোগ্য পরিমাণ রয়েছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত চাহিদা পূরণ করা সম্ভব হবে এবং অক্টোবর পর্যন্তও সরবরাহ অব্যাহত রাখা যাবে। একই সঙ্গে মরক্কো, কানাডা, রাশিয়া ও সৌদি আরবসহ বিভিন্ন উৎস থেকে সার আমদানির কার্যক্রম চলমান রয়েছে। তবে গ্যাস সংকট, উৎপাদন ব্যাহত হওয়া এবং আন্তর্জাতিক সরবরাহ পরিস্থিতি মিলিয়ে দেশীয় সার শিল্পের সামনে অনিশ্চয়তা এখনও কাটেনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা