ফুলপুর (ময়মনসিংহ) প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ১৯:৪৫ পিএম
ময়মনসিংহের ফুলপুরে মায়ের অনুরোধে মাদকাসক্ত ছেলের কারাদণ্ড। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
যখন বন্ধু-বান্ধবের পাল্লায় পড়ে সন্তান মাদকাসক্ত হয়ে দিশেহারা হয়ে পড়ছেন। তখন অসহায় মা নিজ সন্তানকে ভালো রাখতে আইনের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন।
ময়মনসিংহের ফুলপুর উপজেলার বওলা বাজারের মারুফ হাসান হৃদয় (৩২) দীর্ঘ দিন ধরে ‘ড্যান্ডি’ নামের এক ধরনের মাদকে আসক্ত ছিল। মাদকাসক্তের কারণে নিজ স্ত্রীও সন্তান নিয়ে তাকে ছেড়ে চলে যান।
এদিকে অসহায় মা মালেকা খাতুন তার মাদকাসক্ত ছেলের কর্মকাণ্ডে অতিষ্ট হয়ে সচেতন মহলের কাছে সহযোগিতা চান। পরে শনিবার সকলের সহযোগিতায় তাকে মাদকাসক্ত অবস্থায় নিজ বাড়ি থেকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ তাকে আটক করে ফুলপুর নিয়ে আসলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রার শফিকুল ইসলামের কাছে মাদক সেবনের বিষয়টি স্বীকার করেন। পরে মাদক নিয়ন্ত্রণ আইনে তাকে এক বছরের কারাদণ্ডসহ ২০০ টাকার অর্থদণ্ড প্রদান করেন।