খুলনা মহানগরের অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও একটি খালি কার্তুজসহ দুইজনকে আটক করেছে র্যাব।
মহানগরের লবণচরা থানার ইসলামপাড়া এলাকায় র্যাব-৬ সিপিসি স্পেশাল কোম্পানির একটি দল বিশেষ অভিযান চালিয়ে শুক্রবার সকালে তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন লবণচরা থানার আমতলা এলাকার শাহজাহানের ছেলে নাজিম ওরফে নাদিম (৩০) এবং একই থানার ইসলামপাড়া এলাকার আব্দুর রহমান মিয়াজির ছেলে মো. মাসুদ রানা (৩৭)।
র্যাব-৬ এর মিডিয়া সেল জানায় , অভিযানের সময় নাজিমের বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তার দেখিয়ে দেওয়া স্থান থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি, একটি খালি কার্তুজ এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের কার্যক্রম চলছে। মামলা শেষে উদ্ধার হওয়া অস্ত্র ও অন্যান্য আলামতসহ তাদের লবণচরা থানায় হস্তান্তর করা হবে।