ফরিদপুরের চরভদ্রাসন এলাকা থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়। ছবি: বাংলাদেশ সিআইডি
উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে এক নারীকে কম্বোডিয়ায় পাচার, অর্থ আত্মসাৎ এবং শারীরিক-মানসিক নির্যাতনের অভিযোগে মানব পাচার চক্রের অন্যতম মূল হোতা মো. রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
ভুক্তভোগীর দেওয়া তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার ফরিদপুরের চরভদ্রাসন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
রুবেলের বাড়ি রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার খাগজানা গ্রামে। গতকাল বৃহস্পতিবার সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আবু তালেব এ তথ্য নিশ্চিত করেন।
সিআইডি জানায়, এনজিও থেকে ঋণ নিতে গিয়ে রুবেলের সঙ্গে এক নারীর পরিচয় হয়। কম্বোডিয়ায় উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে রুবেল তার কাছ থেকে চার লাখ টাকা নেন।
মামলার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের আগস্টে ওই নারীকে কম্বোডিয়া পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর মানব পাচার চক্র তার পাসপোর্ট ও অর্থ কেড়ে নিয়ে তাকে বিভিন্ন প্রতিষ্ঠানে জোরপূর্বক কাজ করায় এবং তার উপার্জিত অর্থ আত্মসাৎ করে। এ ছাড়া তাকে নির্যাতন এবং দেশে ফিরতে চাইলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও মানবিক সংস্থার সহায়তায় গত ১ জুলাই তিনি দেশে ফিরে আইনি ব্যবস্থা নেন।