× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, ৩৫ লাখ টাকা লুট

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১ ঘণ্টা আগে

আপডেট : ২৭ মিনিট আগে

ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, একদল সশস্ত্র ব্যক্তি অফিসে ঢুকে কুড়াল ও দেশীয় অস্ত্র দিয়ে কম্পিউটার, সরঞ্জাম ও আসবাবপত্র ভাঙচুর করছে। ছবি: ভিডিও থেকে

ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, একদল সশস্ত্র ব্যক্তি অফিসে ঢুকে কুড়াল ও দেশীয় অস্ত্র দিয়ে কম্পিউটার, সরঞ্জাম ও আসবাবপত্র ভাঙচুর করছে। ছবি: ভিডিও থেকে

চট্টগ্রাম নগরীর চকবাজার থানার চন্দনপুরা-বাকলিয়া এক্সেস সড়কে অবস্থিত ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেট (ডিডিএন)-এ সশস্ত্র হামলা, ভাঙচুর ও ৩৫ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে।

১৫ থেকে ২০ জনের একটি অস্ত্রধারী দল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রতিষ্ঠানটিতে হামলা চালায়। ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর হোসেন মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রতিষ্ঠানটির পরিচালক রিদোয়ানুল কবিরের ভাষ্য, হঠাৎ সশস্ত্র দুর্বৃত্তরা অফিসে প্রবেশ করে তাণ্ডব চালায় এবং কর্মচারীদের বেতন দেওয়ার জন্য রাখা ৩৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়। একই সঙ্গে অফিসের কম্পিউটার, আসবাবপত্র ও কর্মীদের ব্যবহৃত মোবাইল ফোন ভাঙচুর করা হয়।

ডিডিএনের মালিক আদিল বিন মামুন অভিযোগ করেন, হামলার দুই দিন আগে বিদেশি একটি নম্বর থেকে ‘ডেভিড ইমন’ পরিচয়ে এক ব্যক্তি তাকে ফোন করে এককালীন ২ কোটি টাকা এবং প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন।

ফোনে ওই ব্যক্তি বলেন, “ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ। এখন থেকে ব্যবসা আমরা করব”।

আদিল বিন মামুনের দাবি, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারণেই তাদের প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, ফোনে হুমকি দেওয়া ব্যক্তি নিজেকে সবার পরিচিত বলে দাবি করেন এবং পূর্বে সংঘটিত কয়েকটি চাঁদাবাজি ও হামলার ঘটনারও উল্লেখ করেন।

ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, একদল সশস্ত্র ব্যক্তি অফিসে ঢুকে কুড়াল ও দেশীয় অস্ত্র দিয়ে কম্পিউটার, সরঞ্জাম ও আসবাবপত্র ভাঙচুর করছে। এ সময় কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি দেখানো হয়।

পুলিশ জানিয়েছে, বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারীরা এ হামলার সঙ্গে জড়িত থাকতে পারে।

পুলিশের দাবি, মোবারক হোসেন ওরফে ইমন অস্ত্র ব্যবহারে দক্ষ এবং তার বিরুদ্ধে আগেও বিভিন্ন অপরাধে সম্পৃক্ততার তথ্য রয়েছে।

চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর হোসেন মামুন বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে”।

উল্লেখ্য, চলতি বছর চট্টগ্রামে চাঁদাবাজিকে কেন্দ্র করে একাধিক হামলা ও গুলির ঘটনা ঘটেছে। গত ৯ মে এক সাংবাদিককে ৫০ লাখ টাকা চাঁদা না দিলে গুলি করার হুমকি দেওয়া হয়। এছাড়া গত ২৮ ফেব্রুয়ারি ও ২ জানুয়ারি স্মার্ট গ্রুপের পরিচালক মুজিবুর রহমানের বাসায় চাঁদা না পেয়ে গুলি চালানোর ঘটনাও ঘটে, যা নগরজুড়ে উদ্বেগ সৃষ্টি করে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা