প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩৫ পিএম
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। ছবি: সংগৃহীত
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নামে যুক্তরাজ্যে থাকা ৫১৮টি ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। আদালতের নথিতে এসব সম্পদের মোট মূল্য দেখানো হয়েছে ২৭ কোটি ১৮ লাখ ৫২ হাজার ৮৭২ পাউন্ড।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদন ও তদন্তের পর এই আদেশ কার্যকর করা হচ্ছে, যাতে সম্পদগুলো অন্যত্র স্থানান্তর বা হস্তান্তর করা না যায়।
ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদক-এর আবেদন অনুযায়ী বৃহস্পতিবার এই আদেশ দেন।
এদিন দুদকের পক্ষে উপপরিচালক মো. মশিউর রহমান যুক্তরাজ্যের স্থাবর সম্পদ জব্দের জন্য আবেদন করেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
সাইফুজ্জামান চৌধুরী ও তার সহযোগী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ তদন্তে দুদক, সিআইডি ও এনবিআর থেকে গঠিত ৯ সদস্যের টাস্কফোর্স কাজ করছে।
এর অংশ হিসেবে গত বছরের ২১ সেপ্টেম্বর চট্টগ্রামের এক বাড়িতে অভিযান চালিয়ে ২৩ বস্তা আলামত জব্দ করা হয়। পরে তা ঢাকায় নিয়ে এসে পরীক্ষা-নিরীক্ষা ও বিশ্লেষণ করা হয়।
উদ্ধারকৃত নথিপত্রে বিভিন্ন চুক্তি, দলিল, পেমেন্ট অর্ডার, বুকিং মানি রসিদ, চেক, ভাউচার এবং বিদেশে সম্পত্তি ক্রয়ের মূল নথি অন্তর্ভুক্ত ছিল।
দুদক জানিয়েছে, এসব তথ্যের ভিত্তিতে সাইফুজ্জামান চৌধুরী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে যুক্তরাজ্যে অবস্থিত স্থাবর সম্পদের একটি তালিকা তৈরি করা হয়েছে।
আবেদনে বলা হয়েছে, সম্পদগুলো যাতে অন্যত্র হস্তান্তর বা স্থানান্তর করা না যায়, সেজন্য জব্দ করা একান্ত প্রয়োজন।
সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ২০১৪–২০১৮ পর্যন্ত ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ২০১৯–২০২৩ পর্যন্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
২০২৪ সালের সংসদ নির্বাচনের আগে তার বিরুদ্ধে বিদেশে বিপুল সম্পদ গঠনের অভিযোগ ওঠে।