সাতক্ষীরা প্রতিবেদক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫৫ পিএম
সাতক্ষীরায় সেনাবাহিনীর পরিচয় দেওয়া ভুয়া গোয়েন্দাকে মঙ্গলবার রাতে আটক করে সেনাবাহিনী। ছবি: সংগৃহীত
সাতক্ষীরায় সেনাবাহিনীর পরিচয় দেওয়া এক ভুয়া গোয়েন্দাকে আটক করেছে সেনাবাহিনীর একটি দল। এসময় ককটেল ও গুলি উদ্ধার করা হয়েছে।
আটক ভুয়া সেনা সদস্য মো. আবু মুসা (৩৫) সাতক্ষীরা সদরের রসুলপুর এলাকার রেজাউল সরদারের ছেলে।
শহরের তালতলা ঈদগাহ এলাকা থেকে মঙ্গলবার রাতে তাকে আটক করা হয়।
সাতক্ষীরা সদর আর্মি ক্যাম্পের মেজর মুশফিক আহমেদ জানান, আবু মুসা (০১৯১১-০৫৮৭৭৩) মোবাইলে সাতক্ষীরার ছাত্র সমন্বয়ক মো. নাজমুল হোসাইন রনিকে জানান, আলিপুর ইউনিয়নের নাথপাড়া গ্রামের একটি বাঁশ বাগানে ককটেল ও গুলি রাখা আছে।
রনি বিষয়টি তাৎক্ষণিক সাতক্ষীরা উপশাখা ডিজিএফআইকে অবগত করেন। এরপর অভিযান চালিয়ে সেনাবাহিনীর একটি দল ভুয়া গোয়েন্দা পরিচয়দানকারী আবু মুসাকে আটক করে।
তাকে সাতক্ষীরা সদর আর্মি ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ২টার দিকে আলিপুরের একটি বাঁশ বাগান থেকে ৫টি ককটেল ও ৫টি গুলি উদ্ধার করা হয়। মুসা ও উদ্ধারকৃত আলামত সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।