গলাচিপা (পটুয়াখালী) প্রতিবেদক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫ ১৬:২৬ পিএম
পটুয়াখালীর গলাচিপায় এক ভুয়া চিকিৎসককে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রবা ফটো
পটুয়াখালীর গলাচিপায় এক ভুয়া চিকিৎসককে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
আটককৃত ব্যাক্তির নাম দিপংকর শীল (৪৫)। তিনি রতনদী তালতলী ইউনিয়নের কাটাখালী গ্রামের বাসিন্দা উমেশ শীলের ছেলে। নিজেকে পল্লী চিকিৎসক পরিচয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে চিকিৎসাসেবা প্রদান করে আসছিলেন তিনি।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের কাটাখালী বাজারে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম সাইফ। এসময় চিকিৎসা সেবা দেওয়া অবস্থায় দীপংকর শীলকে আটক করা হয়।
জানা যায়, দিপংকর শীলের কোনো বৈধ চিকিৎসা সনদ নেই এবং তিনি রোগীদের এন্টিবায়োটিকসহ বিভিন্ন ওষুধ ব্যবহারের পরামর্শ দিচ্ছিলেন, যা আইনত দণ্ডনীয় অপরাধ।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও গলাচিপা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম সাইফ জানান, দিপংকর শীল পূর্বেও একই অপরাধে দণ্ডিত হয়েছিলেন। পুনরায় একই অপরাধ করায় তাকে জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হয়েছে। তিনি আরও জানান, জনস্বার্থে অবৈধ চিকিৎসা কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।