বগুড়া অফিস
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫ ২০:২১ পিএম
বগুড়ায় জলাশয় থেকে অজ্ঞাত এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রবা ফটো
বগুড়ার সোনাতলা উপজেলায় রেলওয়ে জলাশয় থেকে অজ্ঞাত এক বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে তিনটার দিকে সোনাতলা পৌর এলাকার উপজেলা মডেল মসজিদের পশ্চিম পাশে অবস্থিত রেললাইনের ধারে স্থানীয়রা জলাশয়ে অস্বাভাবিকভাবে মাছি ও কাক দেখার পর সন্দেহ পোষণ করেন। পরে স্থানীয় এক কৃষক জলাশয়ে গেলে কোমরে দড়ি বাঁধা অবস্থায় অর্ধগলিত বৃদ্ধার লাশ দেখতে পান। খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খবর পেয়ে সোনাতলা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। প্রাথমিকভাবে নিহতের পরিচয় ও মৃত্যুর কারণ জানা যায়নি।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, লাশটি বেশ কয়েকদিন আগের হওয়ায় পচন ধরেছে। মরদেহ দেখে মনে হয়েছে বৃদ্ধার আনুমানিক বয়স ৬০ হবে। ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ঘটনার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।