বগুড়া অফিস
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫ ১৮:০২ পিএম
শহীদ পরিবারটির বসতবাড়িতেও ভাঙচুর চালায় হামলাকারীরা। প্রবা ফটো
জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ দেওয়া শহীদ কমর উদ্দিন বাঙ্গির পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। রবিবার (৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে বগুড়া সদর উপজেলার চক আকাশতারা খাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় শহীদ কমর উদ্দিনের নাতি শিমুলসহ তিনজন আহত হন। গুরুতর অবস্থায় শিমুলকে হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্র ও থানায় দায়ের করা অভিযোগ অনুযায়ী, রাতের দিকে বাড়ির সামনে ব্যাডমিন্টন খেলছিলেন শিমুল। এ সময় কয়েকজন যুবক হঠাৎ এসে তাকে ধারালো রামদা দিয়ে আঘাত করতে থাকে। তাকে বাঁচাতে গেলে দুই স্থানীয় বাসিন্দাকেও হামলাকারীরা মারধর করে। পরে শিমুলকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা পরে শহীদ কমর উদ্দিনের বসতবাড়িতে ভাঙচুর চালিয়ে ঘরবাড়ি, মোটরসাইকেলসহ মূল্যবান মালামাল লণ্ডভণ্ড করে দেয়। এসময় তারা টাকা-পয়সাও লুট করে নিয়ে যায়।
শহীদ কমর উদ্দিনের মা জমেলা বেগম বলেন, আমার ছেলে দেশের জন্য জীবন দিল, আর আজ আমাদের বাড়িতেই হামলা। আমরা কি একটু শান্তিতে থাকতে পারব না? আমরা এর সুষ্ঠু বিচার দাবি করি।
এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাহফুজ আলম বলেন, শহীদ পরিবারের ওপর হামলার বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। দোষীদের শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।