নোয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫ ১৩:২১ পিএম
নোয়াখালীর সোনাইমুড়িতে প্রকাশ্যে ইয়াবা সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের তুশি গ্রামের তুশি পাটোয়ারী বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরিন আকতার।
আটকরা হলেন, সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের আব্দুল আজিজের ছেলে মো. সাদ্দাম ওরফে বাদশা ও মো. কামালের ছেলে মো. ইয়াছিন আরাফাত ওরফে রায়হান।
জানা গেছে, প্রকাশ্যে ইয়াবা সেবন করে জনশৃঙ্খলা বিঘ্নিত করার অপরাধে বাদশাকে ৬ মাস এবং রায়হানকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। একই সাথে তাদের অর্থদণ্ড প্রদান করা হয়। পরে সোনাইমুড়ী থানা পুলিশের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়।
স্থানীয়রা জানান, প্রশাসনের এমন কঠোর ও নজিরবিহীন পদক্ষেপে এলাকায় স্বস্তি ফিরেছে এবং মাদক নিয়ন্ত্রণে আরও দৃঢ় ভূমিকা রাখার দাবি জানিয়েছে সচেতন মহল।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নোয়াখালী কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে ইউএনওর এই কঠোর অবস্থান মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও মাদক প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরিন আকতার বলেন, অভিযানে তারা প্রকাশ্যে ইয়াবা সেবন অবস্থায় ধরা পড়েন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুইজনকেই মাদক নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় দণ্ড প্রদান করা হয়। মাদক সেবন ও বেচাকেনা রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।