প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫ ২৩:৪৩ পিএম
প্রতীকী ছবি।
রাজধানীর খিলগাঁও চৌরাস্তার ঝিলপাড় এলাকার একটি বাসা থেকে মো. সিফাত (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সিফাতকে নিয়ে আসা চাচাতো ভাই ওসমান জানান, সিফাত স্থানীয় একটি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। ঘটনার দিন বাসায় অতিরিক্ত মোবাইল ব্যবহার করার কারণে তার মা তাকে বকাঝকা করে। পরে মায়ের উপর অভিমান করে নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয় সে। পরে আমরা দেখতে পেয়ে তাকে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।