প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫ ২২:৫৯ পিএম
রাজধানীর ধানমন্ডি ৩২-এ শেখ মুজিবুর রহমানের বাসভবনের কাছে মারধরের শিকার সালমা ইসলাম নামে সেই নারীকে জুলাই অভ্যুত্থানে হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
শুক্রবার (১৪ নভেম্বর) তাকে আদালতে হাজির করা হলে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র ওই নারীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের সময় সালমা ইসলাম ধানমন্ডি ৩২ নম্বরে যান। সেসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত দাবি করে ওই নারীকে প্লাস্টিকের পাইপ দিয়ে মারধর করেন এনসিপির স্থানীয় এক নেত্রী।
মারধরের সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে। পরে সালমাকে উদ্ধার করে হেফাজতে নেয় পুলিশ।
শুক্রবার তাকে আদালত হাজির করে গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ধানমন্ডির সাত মসজিদ রোডে শিক্ষার্থী আবু সায়েদ সিয়ামকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। আদালত আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, সাত মসজিদ রোডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থী আবু সায়েদ সিয়ামের পিঠে গুলি করা হয়। এ ঘটনায় গত বছরের ১ ডিসেম্বর ধানমন্ডি মডেল থানায় আওয়ামী লীগের শীর্ষ নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা করেন সিয়াম।