প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫ ১৩:৩৮ পিএম
রাজধানীতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৩৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত ২৪ ঘন্টার অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, ঝটিকা মিছিলের পরিকল্পনা, অর্থায়ন ও অংশগ্রহণের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জানান, জিজ্ঞাসাবাদে তারা রাজধানীতে আকস্মিক মিছিল, ভাঙচুর ও বিশৃঙ্খলা তৈরির পরিকল্পনার কথা স্বীকার করেছে।
এছাড়া গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে যোগাযোগের ডিভাইস, লিফলেট ও পরিকল্পনার নথি উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।