রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫ ১৩:২৯ পিএম
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরলরেন্স ইউনিয়নের করইতলা, তোরাবগঞ্জ ইউনিয়নের ইসলামগঞ্জ এলাকার আশপাশের কয়েকটি স্পটে দীর্ঘদিন ধরে প্রকাশ্যেই চলছে রমরমা জুয়ার আসর। নির্ভরযোগ্য একটি সূত্র নাম পরিচয় গোপন রাখার শর্তে জানায়, এলাকায় সুশীলখ্যাত এক ব্যক্তির ছত্রছায়ায় প্রতিনিয়ত এই অবৈধ জুয়ার আসর বসছে।
এসব আসরে প্রতিদিন লাখ লাখ টাকার জুয়া খেলা হয়। এতে শুধু স্থানীয় নয়, জেলার বিভিন্ন থানার জুয়াড়িরাও এসে অংশ নিচ্ছে বলে জানান সূত্রটি।
স্থানীয়দের দাবি, এসব জুয়ার আসরের কারণে এলাকার স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে এবং যুব সমাজ ধ্বংসের পথে এগোচ্ছে। একইসঙ্গে চুরি, ছিনতাই, ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাচ্ছে। স্থানীয় সাধারণ মানুষের অভিযোগ, প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে এ থেকে বড় ধরনের সামাজিক বিপর্যয় তৈরি হতে পারে। তারা অবিলম্বে এই চক্রকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন।
এদিকে দীর্ঘদিন ধরে চলে আসা ভয়াবহ এ জুয়া বন্ধে ও এর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে উপজেলার চরলরেন্স ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. সাহাদাত হোসেন উপজেলা ও থানা প্রশাসন বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি এবং গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো ওই লিখিত অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, কমলনগর উপজেলার ৩নং চরলরেঞ্চ ইউনিয়নের ২নং ওয়ার্ডের কোম্পানি রাস্তার পূর্ব পাশে এবং বেস কয়েকটি স্থানে দীর্ঘদিন ধরে দিনে এবং রাতের বেলায় প্রকাশ্যে জুয়া খেলার আসর বসছে। ওই জুয়া খেলাকে কেন্দ্র করে এলাকার চুরি, ছিনতাই, গাজা-ইয়াবা সেবন, কিশোর গ্যাং সৃষ্টি করে শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করছে। উঠতি বয়সের তরুণ সমাজ নৈতিক অবক্ষয়ের দিকে দিন দিন ধাবিত হচ্ছে এবং সামাজিক অস্থিরতা বিরাজ করছে। যে কারণে জনস্বার্থে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ওই এলাকায় চলমান জুয়া খেলার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদয় দৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ-জামান বলেন, জুয়া খেলার বিষয়ে ইতোপূর্বে আইনশৃঙ্খলা সভায় বেশ কয়েকবার কথা হয়োছে। থানার ওসিকে এবিষয়ে ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে। প্রয়োজনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। যে কোনো উপায়ে জুয়া খেলা বন্ধ করা হবে জানিয়ে তিনি বলেন, ছাত্রদল নেতার আবেদনটি এখনো হাতে পাইনি।
এ বিষয়ে কমলনগর থানার অফিসার ইনচার্জ ওসি তহিদুল ইসলাম বলেন, এলাকার শান্তিশৃঙ্খলা পরিপন্থী যে কোনো কর্মকাণ্ডে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। জুয়া খেলার বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।